বাকলিয়ায় ছিনতাইয়ের অভিযোগে যুবককে গণপিটুনি

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের বাকলিয়া থানার শাহ আমানত সেতু (নতুন ব্রিজ) এলাকায় ছিনতাইয়ের অভিযোগে স্থানীয় জনতার হাতে আটক হয়ে গণপিটুনির শিকার হয়েছেন রনজিত চক্রবর্তী (৩৫) নামে এক যুবক। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়।

সোমবার (৩ আগস্ট) দিবাগত রাত দেড়টার দিকে নতুন ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। আহত রনজিত চক্রবর্তী বাকলিয়া থানার খেজুরতলা এলাকার ১৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি গৌরাঙ্গ চক্রবর্তীর ছেলে।

জানা গেছে, ছিনতাইয়ের চেষ্টার সময় স্থানীয় লোকজন তাকে হাতেনাতে আটক করেন। পরে উত্তেজিত জনতা তাকে মারধর করলে তিনি গুরুতর আহত হন। খবর পেয়ে তাকে উদ্ধার করে রাত পৌনে ৩টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানান, স্থানীয়দের কাছ থেকে পাওয়া তথ্যমতে, নতুন ব্রিজ এলাকায় ছিনতাইয়ের সময় জনতা রনজিতকে আটক করে গণপিটুনি দেয়। পরে আহত অবস্থায় তাকে হাসপাতালে আনা হয়। বর্তমানে তিনি হাসপাতালের ২ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

তিনি আরও জানান, ঘটনাটি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে এবং বিষয়টি নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top