চাটগাঁ নিউজ ডেস্ক : ‘ক্রীড়াই মানসিকতা এবং শারীরিক বিকাশের জন্য অন্যতম নিয়ামক’—এই স্লোগানকে সামনে রেখে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘কিষোয়ান ফুটবল একাডেমি’।
তরুণ প্রজন্মকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে দক্ষ ফুটবলার হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে শনিবার (৩ অক্টোবর) বর্ণিল আয়োজনে একাডেমিটির উদ্বোধন করা হয়।
কিষোয়ান স্পোর্টিং ক্লাবের সভাপতি ওয়াহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি এস এম শহিদুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে এস এম শহিদুল ইসলাম বলেন, স্বাস্থ্যোজ্জ্বল জাতি গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই।
তৃণমূল পর্যায় থেকে দক্ষ ও প্রতিভাবান ফুটবলার তুলে আনতে কিষোয়ান স্পোর্টিং ক্লাব ফুটবল একাডেমির এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।
বনফুল-কিষোয়ান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শহিদুল ইসলাম একাডেমির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।
তিনি বলেন, তরুণদের শারীরিক ও মানসিক উৎকর্ষ সাধনে খেলাধুলার পরিধি বাড়াতে হবে। বনফুল-কিষোয়ান পরিবার সবসময় ক্রীড়াবান্ধব কার্যক্রমের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি নজরুল ইসলাম লেদু এবং সাধারণ সম্পাদক আ ন ম ওয়াহিদ দুলাল।
এ সময় আরও উপস্থিত ছিলেন সিজেকেএসের কাউন্সিলর কাজী জসিম উদ্দিন, বনফুল কোম্পানির জিএম আমান উল আলম, বনফুল লিমিটেডের জিএম শাহ কামাল মুস্তফা, বনফুল লিমিটেডের (মার্কেটিং) জিএম কামাল হোসেন এবং বনফুল অ্যান্ড কোম্পানির ডিজিএম আরিফুর রহমানসহ স্থানীয় ক্রীড়া সংগঠক ও বিশিষ্ট ব্যক্তিরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, নিয়মিত প্রশিক্ষণ ও সঠিক পরিচালনার মাধ্যমে কিষোয়ান ফুটবল একাডেমি থেকে ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক মানের ফুটবলার উঠে আসবে। তারা দেশের সুনাম বয়ে আনবে।
অতিথিরা একাডেমির সার্বিক সফলতা কামনা করেন এবং এর কার্যক্রম এগিয়ে নিতে ক্রীড়াঙ্গনের সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।
চাটগাঁ নিউজ/এসএ






