চবির ভাঙা সড়কের গর্তে চারা রোপণ করে ছাত্রদল নেতার প্রতিবাদ

চাটগাঁ নিউজ ডেস্ক : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রধান সড়কের গর্তে চারা রোপণ করে প্রতীকী প্রতিবাদ জানিয়েছেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয়। দীর্ঘদিন সড়ক সংস্কার না হওয়া এবং পর্যাপ্ত সড়কবাতি না থাকার প্রতিবাদে এ কর্মসূচি পালন করেন তিনি।

শনিবার (৩ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেট থেকে জিরো পয়েন্ট পর্যন্ত সড়কের বিভিন্ন স্থানে এ প্রতীকী প্রতিবাদ করা হয়।

এসময় সাজ্জাদ হোসেন হৃদয় বলেন, এটি আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়ক। অথচ সড়ক ভাঙনের কারণে দীর্ঘদিন ধরে আমাদের ২৮ হাজার শিক্ষার্থী ভোগান্তির শিকার হচ্ছেন। কিন্তু কর্তৃপক্ষ এখনো দ্রুত সংস্কারের উদ্যোগ গ্রহণ করেনি। এছাড়াও পুরো সড়কে পর্যাপ্ত সড়কবাতি না থাকায় বিভিন্ন সময় চুরি, ছিনতাই এবং শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটছে। তাই দ্রুত সড়ক সংস্কার ও সড়কবাতি স্থাপনের দাবিতে আজকের এই প্রতীকী প্রতিবাদ জানানো হয়েছে।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top