চাটগাঁ নিউজ ডেস্ক : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা এবং ব্যক্তিগত মোটরসাইকেল ও ব্যক্তিগত গাড়ির চলাচলে নিয়ন্ত্রণ আরোপ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বৃহস্পতিবার (২৫ জুন) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. হোসেন শহীদ সরওয়ার্দী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ফুটবল বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে বৃহস্পতিবার (২৫ জুন) থেকে সোমবার (২০ জুলাই) পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথ দিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত যানবাহন, জরুরি সেবার গাড়ি (অ্যাম্বুলেন্স, চিকিৎসক, রোগী, সাংবাদিক, খাবার সরবরাহকারী ও অনলাইন শপিং পরিবহনসহ অন্যান্য সরকারি যানবাহন) ছাড়া অন্য কোনো যানবাহনের ক্যাম্পাসে প্রবেশ নিয়ন্ত্রিত থাকবে। এছাড়া প্রতিদিন রাত ১১টা থেকে সকাল ৭টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের মূল ফটকসমূহ বন্ধ থাকবে।
এদিকে নিরাপত্তার স্বার্থে শিক্ষার্থীদের সার্বক্ষণিক পরিচয়পত্র বা ব্যাংক স্লিপ সঙ্গে রাখার অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সম্পৃক্ত নন, এমন ব্যক্তিদের উত্তর ও দক্ষিণ ক্যাম্পাসসংলগ্ন আবাসিক এলাকায় যাতায়াতের জন্য বিকল্প সড়ক ব্যবহারের আহ্বান জানিয়েছে প্রশাসন।
চাটগাঁ নিউজ/এসএ





