ফটিকছড়িতে মুক্তিযোদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফটিকছড়ি প্রতিনিধি: চট্টগ্রামের ফটিকছড়িতে জহুরুল আনোয়ার (৭৫) নামে এক বীর মুক্তিযোদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ শনিবার (২০ জুন) ভোর সাড়ে ৫টার দিকে ফটিকছড়ি পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের হামজার টিলা এলাকায় নিজ বাসা থেকে তাঁর মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে পরিবারের সদস্যরা তাঁকে বাসার সিঁড়ির নিচের অংশে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে পুলিশে খবর দিলে ফটিকছড়ি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠিয়ে দেয়।

নিহতের ছেলে খালেদ জানান, সম্প্রতি তাঁর বাবা এক আত্মীয়ের কাছে কিছু জমি বিক্রি করেছিলেন। ওই জমি সংক্রান্ত বিষয় নিয়ে তিনি কয়েকদিন ধরে মানসিকভাবে অস্থির ছিলেন। এ ছাড়া অন্য কোনো পারিবারিক বা ব্যক্তিগত সমস্যার কথা তাঁদের জানা নেই।

ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল আলম খান বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, জহুরুল আনোয়ার এর আগেও দুইবার আত্মহত্যার চেষ্টা করেছিলেন। তিনি দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন এবং জমিজমা-সংক্রান্ত একটি দেওয়ানি মামলাও চলমান ছিল। এসব কারণে তিনি মানসিক চাপে ছিলেন বলে ধারণা করা হচ্ছে।

পুলিশের তথ্যমতে, তিনি নিজ ভবনের দ্বিতীয় তলার সিঁড়ির রেলিংয়ে রশি বেঁধে নিচতলায় ঝুলে পড়েন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে।

এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

জহুরুল আনোয়ারের পরিবারে তিন ছেলে ও দুই মেয়ে রয়েছেন। তাঁদের মধ্যে দুই ছেলে বর্তমানে প্রবাসে এবং একজন দেশে অবস্থান করছেন।

চাটগাঁ নিউজ/আনোয়ার/জেএইচ

Scroll to Top