খুলশীতে মাছ ব্যবসায়ীদের ওপর হামলা-লুট, প্রধান আসামি গ্রেপ্তার

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরের খুলশী থানার ২ নম্বর গেট রেললাইন এলাকায় মাছ ব্যবসায়ীদের ওপর হামলা, চাঁদাবাজি ও লুটপাটের ঘটনায় প্রধান আসামি মো. রাজুকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানায়, ওই এলাকার রেললাইনের উভয় পাশে দীর্ঘদিন ধরে ১০টি দোকানে মাছের ব্যবসা করে আসছেন মো. রাসেল (৪১) ও তার সহযোগীরা।

অভিযোগ রয়েছে, গত এক মাস ধরে মো. রাজু, মো. বাদশাহসহ এজাহারভুক্ত ৮ জন এবং ৪০-৪৫ জন অজ্ঞাত ব্যক্তি ব্যবসায়ীদের কাছে এককালীন ১ লাখ টাকা এবং দৈনিক ৫ হাজার টাকা চাঁদা দাবি করে আসছিল।

অভিযোগে আরও জানা যায়, গত ১৫ জুন জোরপূর্বক ২০ হাজার টাকা চাঁদা আদায় করা হয়। পরে বাকি টাকা না দেওয়ায় ১৮ জুন রাত সাড়ে ৮টার দিকে দেশীয় অস্ত্র, লাঠিসোঁটা ও ধারালো কিরিচ নিয়ে মাছের দোকানগুলোতে হামলা চালানো হয়। হামলায় দোকানপাট ভাঙচুর করে প্রায় ১ লাখ টাকার ক্ষয়ক্ষতি করা হয় এবং কয়েকজন ব্যবসায়ী আহত হন।

অভিযোগে আরও বলা হয়, আসামি টিটু ওরফে লম্বা টিটু ধারালো কিরিচ দিয়ে রাসেলের মাথায় কোপ দিয়ে তাকে গুরুতর জখম করে। হামলাকারীরা দোকানের ক্যাশবাক্স থেকে মাছ বিক্রির প্রায় ২ লাখ টাকা লুট করে নিয়ে যায় এবং প্রাণনাশের হুমকি দেয়।

এ ঘটনায় ভুক্তভোগী মো. রাসেলের অভিযোগের ভিত্তিতে খুলশী থানায় শুক্রবার (১৯ জুন) একটি মামলা রুজু করা হয়। যাাহার মামলা নং-২১।

মামলার পর খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হকের নেতৃত্বে এসআই আনোয়ার হোসেন, এসআই নুরুল ইসলাম ও এএসআই মহি উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ২ নম্বর গেট এলাকা থেকে প্রধান আসামি মো. রাজুকে গ্রেপ্তার করেন।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার রাজুর বিরুদ্ধে বিভিন্ন থানায় ১১টি মামলা এবং দুটি জিআর পরোয়ানা রয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top