ফটিকছড়ি প্রতিনিধি: চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা উপজেলার পাইন্দং ইউনিয়নের নতুন আশ্রয়ন প্রকল্প সংলগ্ন একটি আকাশমনি বাগান থেকে মাথাবিহীন অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৯ মে) বিকেলে স্থানীয়দের খবরে ফটিকছড়ি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে কয়েকজন শিশু বাগানের পাশে খেলতে গিয়ে উলঙ্গ অবস্থায় পড়ে থাকা মরদেহটি দেখতে পায়। পরে তারা আশপাশের লোকজনকে খবর দিলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে উৎসুক জনতা ঘটনাস্থলে ভিড় জমায়। তবে মরদেহ থেকে তীব্র দুর্গন্ধ ছড়ানোর কারণে অনেকেই নাক চেপে ঘটনাস্থলের কাছে যেতে বাধ্য হন।
পুলিশ জানায়, মরদেহটির মাথা বিচ্ছিন্ন ছিল এবং শরীরে পচন ধরায় তা বিকৃত হয়ে গেছে। এ কারণে এখনো মরদেহটির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
এ বিষয়ে ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল আলম খান বলেন, আমরা এখনো ঘটনাস্থলে রয়েছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি কোনো নারীর মরদেহ। আশপাশের এলাকায় তল্লাশি চালিয়ে বিচ্ছিন্ন মাথাটি উদ্ধারের চেষ্টা চলছে। এছাড়া মরদেহের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।
চাটগাঁ নিউজ/ফরিদ/এমকেএন






