কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি: রাঙামাটির কাপ্তাই উপজেলার কাপ্তাই-চট্টগ্রাম সড়কে সিএনজি অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চারজন আহত হয়েছেন।
শনিবার (৯ মে) বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে উপজেলার ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে ৪১ বিজিবি গেটসংলগ্ন মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল।
তিনি জানান, যাত্রীবাহী একটি সিএনজি অটোরিকশা উপজেলা সদর বরইছড়ি এলাকা থেকে যাত্রী নিয়ে কাপ্তাইয়ের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে একটি জিক্সার ১৫০ সিসি মোটরসাইকেল কাপ্তাই থেকে লিচুবাগান এলাকায় যাওয়ার পথে ঘটনাস্থলে পৌঁছালে দুই যানবাহনের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়।
দুর্ঘটনায় সিএনজি অটোরিকশা চালক মো. সায়মুন (২০), মোটরসাইকেল চালক শাহিন আলম (২৭), সিএনজি অটোরিকশার যাত্রী মো. জিদান (২০) এবং মোটরসাইকেলের আরোহী মো. রানা (১৭) আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।
কাপ্তাই উপজেলা স্বাস্থ্য বিভাগের আবাসিক মেডিকেল অফিসার ডা. ওমর ফারুক রনি জানান, আহতদের মধ্যে মোটরসাইকেল চালক শাহিন আলম গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনায় তার ডান হাত ভেঙে গেছে এবং গলায় আঘাত লেগেছে। উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ওসি শেখ মাহমুদুল হাসান রুবেল আরও জানান, দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থল থেকে সিএনজি অটোরিকশা ও মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ অভিযোগ দায়ের করেননি।
চাটগাঁ নিউজ/ঝুলন/এমকেএন






