বায়েজিদ রৌফাবাদে যুবক হত্যা: দুই দিন পর মামলা

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার রৌফাবাদ এলাকায় যুবক রাজু হত্যার ঘটনায় দুই দিন পর মামলা দায়ের করা হয়েছে।

শনিবার (৯ মে) বিকেলে নিহত রাজুর মা বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে বায়েজিদ বোস্তামী থানায় হত্যা মামলা করেন।

বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার রাজুর পরিবারের সদস্যরা থানায় এসে মামলা দায়ের করেছেন। মামলায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করা হয়েছে।

তিনি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাতে নগরের রৌফাবাদ শহীদ মিনার গলিতে দুর্বৃত্তদের ছোড়া গুলিতে রাজু নিহত হন। এ ঘটনায় রেশমি আক্তার নামে এক নারী আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top