ফটিকছড়ি প্রতিনিধি: চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় পানিতে ডুবে আরাফাতুল আলম তামিম (৭) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে উপজেলার বখতপুর ইউনিয়নের ঝর্না দিঘীরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত তামিম বখতপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চৌধুরী বাড়ির সৌদি প্রবাসী মো. হেলালের ছেলে। সে স্থানীয় ফারকে আজম ইসলামিয়া সুন্নিয়া মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে বাড়ির সামনে খেলাধুলার একপর্যায়ে তামিম অসাবধানতাবশত পুকুরে পড়ে যায়। দীর্ঘ সময় তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরঘাটের পাশে পানিতে ভাসমান অবস্থায় তাকে দেখতে পান তারা।
পরে দ্রুত উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে বখতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক উল আজম বলেন, খেলাধুলার সময় অসাবধানতাবশত শিশুটি পুকুরে পড়ে যায়। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল আলম খান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পানিতে ডুবে শিশুটির মৃত্যু হয়েছে। তবে ঘটনাটি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে তামিমের আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের মাতম নেমে এসেছে। এলাকাজুড়েও বিরাজ করছে গভীর শোকের ছায়া।
চাটগাঁ নিউজ/ফরিদ/এমকেএন





