ফটিকছড়িতে দোকানের গোডাউন থেকে যুবকের মরদেহ উদ্ধার

ফটিকছড়ি প্রতিনিধি: চট্টগ্রামের ফটিকছড়িতে জুয়েল আরমান (৩১) নামে এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে।

বুধবার (১৩ মে) বিকেলে উপজেলার মির্জারহাট বাজারের একটি মুদির দোকানের গোডাউন থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত জুয়েল আরমান উপজেলার নারায়নহাট ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইদিলপুর বড়বাড়ির বাসিন্দা জহুরুল ইসলাম সওদাগরের ছোট ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেলে মির্জারহাট বাজারে জহুরুল ইসলাম সওদাগরের মুদির দোকানের এক কর্মচারী গোডাউনে কাজ করতে গিয়ে জুয়েলের নিথর দেহ পড়ে থাকতে দেখেন। পরে তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে জুয়েলকে উদ্ধার করে দ্রুত ভূজপুর জেনারেল হাসপাতালে নিয়ে যান।

ভূজপুর জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. নাসিম হোসেন জানান, নিহতের গলায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিক পর্যবেক্ষণের পর উন্নত পরীক্ষা-নিরীক্ষা ও আইনি প্রক্রিয়ার জন্য তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

স্থানীয়দের ভাষ্যমতে, জুয়েল আরমান বেশ কিছুদিন ধরে পারিবারিক বিভিন্ন কলহের কারণে মানসিকভাবে হতাশায় ভুগছিলেন।

এ বিষয়ে ভূজপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপুল চন্দ্র দে বলেন, কিভাবে যুবকটির মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।

চাটগাঁ নিউজ/ফরিদ/এমকেএন

Scroll to Top