রাঙ্গুনিয়ায় রোয়াজার হাট ভয়াবহ আগুন: পুড়ে গেছে ৫ দোকান

রাঙ্গুনিয়া প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ব্যস্ততম রোয়াজার হাটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। জাকির আলম মার্কেটে গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়ে পাঁচটি দোকান পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আজ বুধবার (১৩ মে) ভোর সোয়া ৫টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। খবর পেয়ে রাঙ্গুনিয়া ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় ১৭ মিনিটের চেষ্টায় ভোর ৫টা ৩০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। পরে সকাল ৬টা ২০ মিনিটে আগুন পুরোপুরি নির্বাপণ করা হয়।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মধ্যে রয়েছে জাহাঙ্গীর আলমের মালিকানাধীন ১০ ফুট বাই ১৫ ফুট আয়তনের দুটি সেমিপাকা ভাঙারির দোকান, আরিফুল ইসলামের একটি চায়ের দোকান, অরুণ মন্দিরের একটি রিকশা গ্যারেজ এবং জাকির আলমের একটি আধাপাকা দোকান।

রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিস স্টেশনের টিম লিডার জাহেদুর রহমান জানান, ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় মার্কেটের প্রায় ১০ লাখ টাকার মালামাল বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে।

প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, একটি দোকানে থাকা গ্যাস সিলিন্ডার থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, ভোরে হঠাৎ আগুনের লেলিহান শিখা দেখে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে ফায়ার সার্ভিসের দ্রুত উপস্থিতি ও কার্যকর পদক্ষেপের কারণে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

চাটগাঁ নিউজ/জগলুল/এমকেএন

Scroll to Top