ফটিকছড়ি প্রতিনিধি: চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানা এলাকায় এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে সুয়াবিল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে মাইনুদ্দিনের বাড়ির উঠান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, নিহত যুবকের পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। ঘটনাস্থলের পাশ থেকে একটি বাইসাইকেলও উদ্ধার করা হয়েছে, যা ঘটনাটিকে আরও রহস্যময় করে তুলেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাড়ির উঠানে এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
স্থানীয় ইউপি সদস্য মো. মামুন জানান, সকাল ৯টার দিকে পুলিশ তাকে ফোন দিলে তিনি ঘটনাস্থলে গিয়ে উঠানে শোয়া অবস্থায় মরদেহ দেখতে পান। তবে নিহতের পরিচয় সম্পর্কে তিনি কোনো তথ্য দিতে পারেননি।
তিনি আরও জানান, এ ঘটনায় বাড়ির মালিক মাইনুদ্দিন, তার ভাই এবং কাজের লোক সেলিমসহ চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে।
ভূজপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপুল চন্দ্র দে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চুরির সন্দেহে স্থানীয়রা ওই যুবককে রাতভর গাছের সঙ্গে বেঁধে মারধর করে। এতে গুরুতর আহত হয়ে সকালে তার মৃত্যু হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে জিজ্ঞাসাবাদ চলছে। তদন্ত শেষে প্রকৃত ঘটনা জানা যাবে।
চাটগাঁ নিউজ/আনোয়ার/এমকেএন





