উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের উখিয়া উপজেলায় অবৈধভাবে পাহাড় কেটে মাটি উত্তোলনের অভিযোগে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এ সময় ঘটনাস্থল থেকে ড্রেজার মেশিন ও কোদাল জব্দ করা হয় এবং এক ব্যক্তিকে ৩ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে উপজেলার পালংখালী ইউনিয়নের মোছার খোলা এলাকায় এ অভিযান পরিচালিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আসমার নেতৃত্বে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। এতে আইনশৃঙ্খলা বাহিনী ও বন বিভাগের সদস্যরা অংশ নেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, অভিযানের সময় মোছার খোলা এলাকায় অবৈধভাবে পাহাড় কেটে বনভূমি ধ্বংস এবং ড্রেজার মেশিন ব্যবহার করে খাল থেকে বালু উত্তোলনের প্রমাণ পাওয়া যায়। পরে ঘটনাস্থল থেকে একটি ড্রেজার মেশিন ও কোদাল জব্দ করা হয়।
পরিবেশের মারাত্মক ক্ষতি করে দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র এসব অবৈধ কার্যক্রম পরিচালনা করে আসছিল বলে জানা গেছে। অভিযানে তাদের তৎপরতা শনাক্ত হওয়ার পর তাৎক্ষণিকভাবে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়।
মোবাইল কোর্টের মাধ্যমে পালংখালী ইউনিয়নের সাইফুল ইসলাম ভূট্টো (৪২)-কে ৩ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযানকালে সহকারী বন সংরক্ষক শাহীনুর ইসলাম, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী এবং বন বিভাগের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বন বিভাগের সূত্রে জানা যায়, মোছার খোলা বিট অফিস থেকে প্রায় এক কিলোমিটার দূরে বনভূমির একটি বড় অংশ কেটে ফেলার কারণে পরিবেশে ব্যাপক ক্ষতি হয়েছে। এ ঘটনায় সহকারী বন কর্মকর্তাকে দ্রুত তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি পাহাড়খেকোদের বিরুদ্ধে কঠোর অভিযান অব্যাহত থাকবে।
উখিয়া রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ শাহিনুর ইসলাম শাহিন বলেন, অবৈধভাবে পাহাড় কাটা ও বালু উত্তোলনের কারণে বনভূমি ও পরিবেশ মারাত্মক হুমকির মুখে পড়ছে। এসব কর্মকাণ্ড বন্ধে বন বিভাগ কঠোর অবস্থানে রয়েছে এবং নিয়মিত অভিযান চালানো হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আসমা বলেন, পরিবেশ ধ্বংস করে কোনো ধরনের অবৈধ কার্যক্রম বরদাস্ত করা হবে না। যারা এসব কর্মকাণ্ডে জড়িত, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।
চাটগাঁ নিউজ/ইব্রাহিম/এমকেএন





