চাটগাঁ নিউজ ডেস্ক: কক্সবাজারের দরিয়ানগর সৈকতে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে এক পর্যটকের মৃত্যুর ঘটনায় করা মামলার প্রধান আসামি মোহাম্মদ ফরিদকে (৪৫) গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শুক্রবার (৭ আগস্ট) র্যাব-১৫, কক্সবাজারের সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার আ. ম. ফারুক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, র্যাব-১৫, কক্সবাজার এবং র্যাব-৪, ঢাকার যৌথ অভিযানে বৃহস্পতিবার (৬ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর মিরপুর মডেল থানার মধ্য পীরেরবাগ এলাকার আজাদ মিনি মার্কেট থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ফরিদ কক্সবাজার পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের দক্ষিণ বাহারছড়া এলাকার বাসিন্দা। তিনি আলোচিত হত্যা মামলার এজাহারভুক্ত ১ নম্বর আসামি।
র্যাব জানায়, গত ১ আগস্ট দুপুর ১টা ৪০ মিনিটের দিকে কক্সবাজার সদর উপজেলার দরিয়ানগর সৈকতে ফরিদের পরিচালিত প্যারাসেইলিংয়ে অংশ নেন পর্যটক অক্ষর সৌভিক রায়। এ সময় নিরাপত্তাজনিত অবহেলার কারণে উড্ডয়নরত অবস্থায় প্যারাসেইলিংয়ের রশি ছিঁড়ে তিনি সমুদ্রে পড়ে যান। ঘটনাস্থলে তাৎক্ষণিক উদ্ধার ব্যবস্থা না থাকায় বিলম্বে তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের বোন বাদী হয়ে কক্সবাজার সদর মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।
র্যাব আরও জানায়, ঘটনার পর আসামিরা আত্মগোপনে চলে গেলে ছায়া তদন্ত ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়। একপর্যায়ে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, প্রধান আসামি ফরিদ ঢাকার মিরপুর এলাকায় আত্মগোপন করে আছেন। পরে র্যাব-১৫ ও র্যাব-৪-এর সমন্বিত অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফরিদ ঘটনার পর কক্সবাজার থেকে পালিয়ে ঢাকায় আত্মগোপন করার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে র্যাব।
র্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার আ. ম. ফারুক জানান, গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট আলামতসহ কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
চাটগাঁ নিউজ/জেএইচ





