চাটগাঁ নিউজ ডেস্ক : নগরের যানজট নিরসনে হাসপাতালকেন্দ্রিক পার্কিং ব্যবস্থাপনা নিয়ে চলমান অভিযানের মধ্যে ন্যাশনাল হাসপাতালের পার্কিং ব্যবস্থাপনায় অনিয়ম দেখে অসন্তোষ জানিয়েছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন।
সোমবার (১৭ আগস্ট) রাতে পূর্ব ঘোষণা ছাড়াই নগরের মেহেদিবাগের ন্যাশনাল হাসপাতাল আকস্মিক পরিদর্শনে যান সিডিএ চেয়ারম্যান। এ সময় হাসপাতালের নির্ধারিত পার্কিংয়ের বাইরে বেশ কয়েকটি মোটরসাইকেল পার্ক করা দেখতে পান তিনি। এ ছাড়া হাসপাতালের প্রধান প্রবেশদ্বারের সামনেও একটি গাড়ি দীর্ঘ সময় অবস্থান করছিল।
পরিদর্শন শেষে ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন বলেন, হাসপাতালগুলোকে সতর্ক করে দেওয়ার পর তাদের কার্যক্রমের অগ্রগতি দেখার জন্যই আমি এ ধরনের অকস্মাৎ পরিদর্শন করছি। নগরবাসীকে যানজট থেকে স্বস্তি দিতে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।
শুধু অভিযান পরিচালনা করাই নয়, সতর্ক করার পর হাসপাতালগুলো নির্দেশনা কতটা বাস্তবায়ন করছে, সেটিও নিয়মিত পর্যবেক্ষণ করা হবে। হাসপাতালকেন্দ্রিক পার্কিং ব্যবস্থাপনা বা অন্য কোনো অনিয়ম জানাতে অফিসিয়াল হটলাইন ০১৯৯৮০৫৫৫৮০ নম্বরে যোগাযোগের আহ্বান জানান তিনি।
চাটগাঁ নিউজ/এসএ





