ফটিকছড়ি প্রতিনিধি: চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার শাহ সোবাহানিয়া সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠান এমএসইএসজেটি (MSESJT) এর বিরুদ্ধে। সড়ক নির্মাণকাজে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।
তাদের দাবি, স্বাধীনতার পর এই প্রথম সড়কটির উন্নয়নকাজে এমন নিম্নমানের ইট ব্যবহার করতে দেখা যাচ্ছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সড়কটির কার্পেটিংয়ের জন্য প্রায় এক বছর আগে ম্যাকাডমের কাজ করা হয়। কিন্তু দীর্ঘদিন ধরে কার্পেটিং না করায় সড়কের অধিকাংশ ম্যাকাডম নষ্ট হয়ে যায়। পরে পুনরায় কার্পেটিংয়ের প্রস্তুতি হিসেবে নতুন করে ম্যাকাডম তৈরির জন্য ইট আনা হলে সেগুলোর মান নিয়ে প্রশ্ন ওঠে। তাদের দাবি, সড়কের কাজে ব্যবহারের জন্য আনা ইটগুলো অত্যন্ত নিম্নমানের।
সরেজমিনে দেখা যায়, সড়কটির উন্নয়নকাজে ব্যবহারের জন্য আনা ইটের মান নিয়ে স্থানীয়দের মধ্যে অসন্তোষ রয়েছে। তাদের অভিযোগ, এ ধরনের ইট ব্যবহার করা হলে সড়কের স্থায়িত্ব ও নির্মাণকাজের গুণগত মান নিয়ে শঙ্কা তৈরি হবে।
স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী, সড়কটির দৈর্ঘ্য ২ হাজার ৭৬০ মিটার এবং প্রস্থ ৩ মিটার। সড়কটির নির্মাণকাজে ব্যয় ধরা হয়েছে প্রায় আড়াই কোটি টাকা।
এলাকাবাসী সড়ক নির্মাণকাজে মানসম্মত উপকরণ ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে নাজিরহাট পৌরসভার উপসহকারী প্রকৌশলী উম্মে সালমা অভিযোগের সত্যতা স্বীকার করে বলেন, ‘আমি ঘটনাস্থলে গিয়েছি। সেখানে ব্যবহারের জন্য আনা ইটগুলো আসলেই দুই নম্বরের। সেগুলো অপসারণের জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানকে নির্দেশনা দেওয়া হয়েছে।
এদিকে সড়কটির নির্মাণকাজে নিম্নমানের উপকরণ ব্যবহারের অভিযোগের বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের বক্তব্য পাওয়া যায়নি।
চাটগাঁ নিউজ/আনোয়ার/জেএইচ






