দেশের ১০০ উপজেলা ও পৌরসভায় হবে জুলাই পদযাত্রা: সারজিস

চাটগাঁ নিউজ ডেস্ক: আগামী সোমবার (৬ জুলাই) থেকে এনসিপি জুলাই পদযাত্রা শুরু করবে জানিয়েছেন দলটির উত্তরাঞ্চলের সংগঠক সারজিস আলম।

আজ শনিবার (৪ জুলাই) বিকেলে দেশব্যাপী পদযাত্রা নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। তিনি বলেন, গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষা এবারের পদযাত্রা মূল লক্ষ্য।

এনসিপির উত্তরাঞ্চলের সংগঠক বলেন, ২০২৫ সালেও জুলাই পদযাত্রা করেছিলাম। এবার গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার লক্ষ্যে জুলাই পদযাত্রা আয়োজন করা হবে। ৬৪ জেলার ১০০টি উপজেলা ও পৌরসভায় জুলাই পদযাত্রা করা হবে। উপজেলা ভিত্তিক পদযাত্রা, সব স্টেক হোল্ডারদের সাথে নিয়ে কর্মসূচি ও কনসার্ট আয়োজন করা হবে।

সারজিস আলম বলেন, স্থানীয় নির্বাচনে যে ১০০ উপজেলা এবং পৌরসভায় প্রার্থী দেয়া হবে, সেই জায়গাগুলোতে পদযাত্রা করা হবে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, লোডশেডিং, সিন্ডিকেটের কারণে কীটনাশক ও সারের দাম বৃদ্ধি বিষয়ও কর্মসূচিতে অন্তর্ভুক্ত থাকবে।

তিনি আরও জানান, রংপুরে আবু সাঈদের কবর জিয়ারত করা হবে। ১৫ জুলাই কুড়িগ্রামে কৃষক সমাবেশ করা হবে। সেদিন আত্মপ্রকাশ ঘটবে জাতীয় কৃষকশক্তি, যা আমাদের আরেকটি অঙ্গসংগঠন।

আগামী সোমবার বিকেল ৪টায় গাজীপুরের কালীগঞ্জ উপজেলা এবং রাত ৮টায় সাভার উপজেলায় পদযাত্রা শুরু হবে। মঙ্গলবার (৭ জুলাই) কক্সবাজারের উখিয়া থেকে শুরু হবে দক্ষিণাঞ্চলের পদযাত্রা।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top