দুর্ঘটনায় আহত আনোয়ারার সাবেক ছাত্রনেতার চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

আনোয়ারা প্রতিনিধি: কক্সবাজার সমুদ্র সৈকতে বেড়াতে গিয়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে সংযুক্ত আরব আমিরাত কেন্দ্রীয় শ্রমিক দলের সাধারণ সম্পাদক ও ইউএই বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য এস এম এরশাদুল আলম (৪৬)।

মঙ্গলবার (৯ জুন) রাত ৮টা ৫০ মিনিটে চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বুধবার (১০ জুন) দুপুরে যোহরের নামাজের পর আনোয়ারা বটতলীস্থ মাজার প্রাঙ্গণে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

নিহত এরশাদুল আলম বটতলী হযরত শাহ মোহছেন আউলিয়া (রহ.) দরবার শরীফের খাদেম মৃত শামসুল আলমের দ্বিতীয় পুত্র। তার সংসারে দুটি পুত্র সন্তান রয়েছে। তিনি আনোয়ারা উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং বটতলী শাহ মোহসেন আউলিয়া ডিগ্রী কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক ছিলেন। এছাড়া তিনি একজন দক্ষ সংগঠক ছিলেন। প্রবাসী কমিউনিটির কল্যাণে তিনি দীর্ঘদিন কাজ করে গেছেন।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, তিন মাস আগে ছুটি কাটাতে তিনি প্রবাস থেকে দেশে আসেন। চলতি মাসের ২৭ তারিখ তিনি কর্মস্থল সংযুক্ত আরব আমিরাতে ফেরার টিকিট কাটেন। এর আগে গত শনিবার (৭ জুন) স্ত্রী-সন্তান নিয়ে কক্সবাজারে বেড়াতে গিয়ে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন এরশাদুল আলম। পরে চট্টগ্রাম নগরীর পার্কভিউ হাসপাতালে চারদিন চিকিৎসাধীন থাকার পর তিনি মারা যান।

তার মৃত্যুতে নিজ গ্রামসহ আনোয়ারা তথা দক্ষিণ চট্টগ্রামের রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। শোক প্রকাশ করেছেন দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক মো. ইদ্রিস মিয়া, সদস্য সচিব লায়ন মো. হেলাল উদ্দিন, চট্টগ্রাম-১৩ আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজামসহ জেলা ও উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের শীর্ষ নেতৃবৃন্দ এবং বিভিন্ন সামাজিক সংগঠন।

চাটগাঁ নিউজ/সাজ্জাদ/এমকেএন

Scroll to Top