ঢাকা-চট্টগ্রাম বুলেট ট্রেন সংযোগে চীনের আগ্রহ, চেম্বার সভাপতির ধন্যবাদ

চাটগাঁ নিউজ ডেস্ক : ঢাকা-চট্টগ্রাম অর্থনৈতিক করিডোরে ‘বুলেট ট্রেন’ চালু করতে সর্বাত্মক সহযোগিতা এবং চীনা বাজারে বাংলাদেশি পণ্যের অধিকতর প্রবেশের বিষয়টি সক্রিয় বিবেচনায় রাখার জন্য দি চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোহাম্মদ আমিরুল হক চীনা রাষ্ট্রদূতের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।

রবিবার (১৯ জুলাই) চীনের রাষ্ট্রদূতের কাছে পাঠানো এক চিঠিতে তিনি এ কৃতজ্ঞতা জানান। একই সঙ্গে চীনা বাজারে বাংলাদেশি পণ্যের অধিকতর প্রবেশের বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনায় রাখার আহ্বান জানান।

চিঠিতে চেম্বার সভাপতি বলেন, চীন দীর্ঘদিন ধরে বাংলাদেশের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার। পাশাপাশি বিনিয়োগ, প্রযুক্তি বিনিময় এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।

তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে অবকাঠামো, নবায়নযোগ্য জ্বালানি, উৎপাদনশীল শিল্প, ইস্পাত, বন্দর, তৈরি পোশাক খাতের ব্যাকওয়ার্ড লিংকেজ, আঞ্চলিক সংযোগ এবং কৃষিসহ বিভিন্ন সম্ভাবনাময় খাতে চীনের বিনিয়োগ ও সম্পৃক্ততা আরও বৃদ্ধি পাবে। এতে উভয় দেশই উপকৃত হবে বলে তিনি উল্লেখ করেন।

চেম্বার সভাপতি আরও বলেন, কৌশলগত ভৌগোলিক অবস্থানের কারণে চট্টগ্রাম ক্রমেই আঞ্চলিক লজিস্টিক ও বিনিয়োগ হাব হিসেবে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। এ সম্ভাবনাকে কাজে লাগাতে চট্টগ্রামে বিনিয়োগে চীনা ব্যবসায়ীদের উৎসাহিত করার জন্য রাষ্ট্রদূতের প্রতি বিশেষ অনুরোধ জানান তিনি।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top