প্রাইভেটকারের গ্যাস সিলিন্ডারে ৩০ হাজার ইয়াবা নিয়ে ধরা চালক

চাটগাঁ নিউজ ডেস্ক: কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কে বিশেষ অভিযানে একটি প্রাইভেটকারের গ্যাস সিলিন্ডারের ভেতরে অভিনব কৌশলে লুকিয়ে রাখা ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় হোসেন আলী (৪৫) নামে এক গাড়ির চালককে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (১৮ জুলাই) রাত দেড়টার দিকে হিমছড়ি চেকপোস্টে তল্লাশির সময় ইয়াবাগুলো জব্দ করা হয়। পরে রোববার (১৯ জুলাই) গ্রেপ্তার ব্যক্তিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, টেকনাফ থেকে কক্সবাজারের দিকে একটি প্রাইভেটকারে বিপুল পরিমাণ ইয়াবা পাচার করা হচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে মেরিন ড্রাইভ সড়কে চেকপোস্ট বসানো হয়। সন্দেহভাজন নাম্বারবিহীন গাড়িটি থামিয়ে তল্লাশি চালানোর একপর্যায়ে গ্যাস সিলিন্ডারের ভেতরে বিশেষভাবে লুকিয়ে রাখা ইয়াবার চালান উদ্ধার করা হয়।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভুঁইয়া জানান, উদ্ধার হওয়া ইয়াবার উৎস এবং এগুলো কার কাছে পৌঁছে দেওয়ার কথা ছিল, সে বিষয়ে গ্রেপ্তার চালককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং ব্যবহৃত প্রাইভেটকারটিও জব্দ করা হয়েছে।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top