জুলাইয়ের ১৮ দিনে প্রবাসী আয় এলো ১৮০ কোটি ডলার

চাটগাঁ নিউজ ডেস্ক: চলতি ২০২৬-২৭ অর্থবছরের শুরুতেই দেশের প্রবাসী আয়ে ইতিবাচক প্রবণতা দেখা গেছে। জুলাই মাসের প্রথম ১৮ দিনে বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত বাংলাদেশিরা বৈধ ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে দেশে পাঠিয়েছেন ১৭৯ কোটি ৮০ লাখ মার্কিন ডলার।

রবিবার (১৯ জুলাই) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত হালনাগাদ পরিসংখ্যানে এ তথ্য উঠে এসেছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, বর্তমান বিনিময় হার (প্রতি ডলার ১২২ টাকা ৭৫ পয়সা) বিবেচনায় এই রেমিট্যান্সের পরিমাণ প্রায় ২২ হাজার ৭০ কোটি টাকা।

গত অর্থবছরের একই সময়ের তুলনায় এবার রেমিট্যান্স প্রবাহ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ২০২৫-২৬ অর্থবছরের জুলাইয়ের প্রথম ১৮ দিনে দেশে এসেছিল ১৪৯ কোটি ৬০ লাখ ডলার। সেই হিসাবে চলতি বছরে একই সময়ে রেমিট্যান্স বেড়েছে প্রায় ২০ দশমিক ২ শতাংশ।

সংশ্লিষ্টদের মতে, বৈধ উপায়ে অর্থ পাঠানোর প্রক্রিয়া আরও সহজ হওয়া এবং ব্যাংকিং চ্যানেলে ডলারের প্রতিযোগিতামূলক বিনিময় হার পাওয়ায় প্রবাসীদের মধ্যে আনুষ্ঠানিক পথে অর্থ পাঠানোর আগ্রহ বৃদ্ধি পেয়েছে।

অর্থনীতিবিদদের ধারণা, অর্থবছরের শুরুতেই রেমিট্যান্সের এই ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত থাকলে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী হবে এবং সামগ্রিক অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top