কর্ণফুলীর শিকলবাহা খাল থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শিকলবাহা খাল থেকে মো. কাসেম আলী (৬০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (১৯ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার শিকলবাহা খালের আলী হোসেন মার্কেটসংলগ্ন এলাকা থেকে স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিতে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

নিহত কাসেম আলী কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের গোয়ালপাড়া এলাকার মৃত বাচা মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, কাসেম আলী একটি চায়ের দোকানে কর্মচারী হিসেবে কাজ করতেন। দীর্ঘদিন ধরে তিনি মানসিক সমস্যায় ভুগছিলেন। পারিবারিকভাবেও তিনি একা ছিলেন; অনেক আগে তার স্ত্রী তাকে ছেড়ে চলে যান।

পরিবারের সদস্যরা জানান, রবিবার সকাল থেকে কাসেম আলীকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে বিকেলে শিকলবাহা খালে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইফতেখার উদ্দিন জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top