জিম্বাবুয়েকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ শেষ পর্যন্ত জিম্বাবুয়েকে ৪ উইকেটে হারিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে নিয়েছে।

রবিবার (১৯ জুলাই) বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাবে অনুষ্ঠিত সিরিজ নির্ধারণী ম্যাচে লক্ষ্য তাড়া করে জয় নিশ্চিত করে টাইগাররা।

টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৪৩ রান সংগ্রহ করে জিম্বাবুয়ে। দলের হয়ে সর্বোচ্চ ৭৩ রান করেন ডিওন মায়ার্স। এছাড়া ব্রায়ান বেনেট ৪৭ রানের কার্যকর ইনিংস খেলেন।

ইনিংসের শুরুতেই ওপেনার মারুমানিকে হারালেও দ্বিতীয় উইকেটে ব্রায়ান বেনেট ও ডিওন মায়ার্স ৭১ রানের জুটি গড়ে দলকে এগিয়ে নেন। বেনেট ৩৮ বলে ৮টি চার মেরে ৪৭ রান করে বিদায় নেন। এরপর অধিনায়ক সিকান্দার রাজা মাত্র ৩ রান করে আউট হলে চাপে পড়ে স্বাগতিকরা।

অন্যদিকে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেন মায়ার্স। ৩৮ বলে ফিফটি পূর্ণ করার পর শেষ পর্যন্ত ৫৩ বলে ৭টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৭৩ রান করে ইনিংসের শেষ দিকে আউট হন। তার ইনিংসের সুবাদেই লড়াই করার মতো সংগ্রহ পায় জিম্বাবুয়ে।

১৪৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশের হয়ে দুর্দান্ত ব্যাটিং করেন ওপেনার তানজিদ হাসান তামিম। তিনি ৬৬ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলে দলের জয়ের ভিত গড়ে দেন। শেষ পর্যন্ত মেহেদী হাসান ৪ রান নিয়ে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করেন। বাংলাদেশের ব্যাটারদের দায়িত্বশীল পারফরম্যান্সে ৪ উইকেটের জয় তুলে নিয়ে সিরিজও নিজেদের করে নেয় টাইগাররা।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top