চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী মোবারক হোসেন ওরফে ডেভিড ইমন ভারতে পালিয়ে আত্মগোপনের পরিকল্পনা করেছিলেন বলে দাবি করেছে চট্টগ্রাম জেলা পুলিশ। এ সময় তার কাছ থেকে ভারতের একটি আধার কার্ডও উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেলে সংবাদ সম্মেলনে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম বলেন, চট্টগ্রাম থেকে পালানোর পর ডেভিড ইমন ও তার সহযোগীরা প্রথমে ঢাকায় যান। সেখানে তারা নিজেদের পরিচয় গোপন রাখতে পোশাক, ব্যবহৃত গাড়ি এবং চালক পরিবর্তন করেন। পরে খুলনা হয়ে যশোর সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা চালান।
পুলিশ সুপার বলেন, ডেভিড ইমনের কাছ থেকে ভারতের একটি আধার কার্ড উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, ভারতে গিয়ে নিরাপদে অবস্থানের পরিকল্পনার অংশ হিসেবে এই কার্ডটি তাকে দেওয়া হয়েছিল। এ বিষয়ে আরও তদন্ত চলছে।
পুলিশের তথ্য অনুযায়ী, উদ্ধার হওয়া আধার কার্ডে ‘আজহার খান’ নামে একটি পরিচয় ব্যবহার করা হয়েছে। কার্ডটিতে ছবি, জন্মতারিখ ও একটি পরিচয় নম্বরও রয়েছে। তবে এটি আসল, নকল নাকি জালিয়াতির মাধ্যমে তৈরি—তা যাচাই করা হচ্ছে। প্রয়োজন হলে এ বিষয়ে ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গেও তথ্য আদান-প্রদান করা হবে বলে জানিয়েছে পুলিশ।
তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ডেভিড ইমনের ভারতে পালিয়ে ভুয়া পরিচয়ে আত্মগোপনের কোনো পরিকল্পনা ছিল কি না, সেটিও গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে আধার কার্ডটির উৎস, এটি সংগ্রহে কারা সহযোগিতা করেছে এবং সীমান্ত পারাপারের সঙ্গে জড়িত সম্ভাব্য নেটওয়ার্ক শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।
তবে উদ্ধার হওয়া আধার কার্ডটির বৈধতা এবং এটি বাস্তবে ব্যবহার করা হয়েছিল কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো মন্তব্য করেনি পুলিশ। তদন্ত শেষ হলে বিস্তারিত তথ্য জানানো হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
চাটগাঁ নিউজ/এমকেএন





