পরকীয়ার জেরে স্বামীর গোপন অঙ্গ কেটে দেওয়ার অভিযোগ, আটক স্ত্রী

মিরসরাই প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাই উপজেলার বারইয়ারহাটে দাম্পত্য কলহের জেরে ঘুমন্ত স্বামীর গোপন অঙ্গে হামলার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় স্বামীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্ত স্ত্রীকে পুলিশ হেফাজতে নিয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) ভোর ৬টার দিকে উপজেলার বারইয়ারহাট পৌরসভার উত্তর সোনাপাহাড় এলাকায় এ ঘটনা ঘটে।

আহতের পরিবার জানায়, ফেনীর বাসিন্দা ও পিকআপচালক মোহাম্মদ রাসেল দীর্ঘদিন ধরে পরিবারসহ বারইয়ারহাটে ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন। প্রেমের সম্পর্কের পর বর্তমান স্ত্রী মনিকে বিয়ে করেন তিনি। তবে বিয়ের পরও স্বামীর কথিত পরকীয়াকে কেন্দ্র করে তাদের মধ্যে প্রায়ই পারিবারিক কলহ লেগে থাকত।

পরিবারের দাবি, বুধবার রাতে স্বামী-স্ত্রী একসঙ্গে ঘুমিয়ে পড়েন। ভোরের দিকে রাসেল ঘুমন্ত অবস্থায় থাকাকালে তার হাত-পা বেঁধে প্রথমে ধারালো ব্লেড দিয়ে গোপন অঙ্গে আঘাত করা হয়। পরে দা দিয়ে শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কোপ দেওয়া হয়। এতে তিনি গুরুতর আহত হন।

চিৎকার শুনে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে তার চিকিৎসা চলছে।

আহতের মা মনোয়ারা বেগম ও মেয়ে ঘটনার বিষয়ে একই ধরনের অভিযোগ করেছেন।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পরকীয়াকে কেন্দ্র করে চলমান দাম্পত্য বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত স্ত্রী মনিকে পুলিশ হেফাজতে নিয়েছে। ঘটনাটির বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি তদন্ত চলছে।

চাটগাঁ নিউজ/বাবলু/এমকেএন

Scroll to Top