চসিকের ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে ১০ হাজারের বেশি নিবন্ধন

চাটগাঁ নিউজ ডেস্ক : চসিকের নাগরিকসেবা আরও সহজ, দ্রুত ও প্রযুক্তিনির্ভর করতে চালু করা ‘আমাদের চট্টগ্রাম’ ওয়ান-স্টপ সিটিজেন সার্ভিস অ্যাপ্লিকেশন অ্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেম নতুন একটি মাইলফলক অর্জন করেছে। ইতোমধ্যে অ্যাপটিতে ১০ হাজারেরও বেশি নাগরিক নিবন্ধন সম্পন্ন হয়েছে।

চসিক সূত্রে জানা যায়, নগরবাসীর আস্থা, ভালোবাসা ও সক্রিয় অংশগ্রহণের ফলেই এই অর্জন সম্ভব হয়েছে। এজন্য নগরবাসীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন।

‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপের মাধ্যমে নাগরিকরা বিভিন্ন সেবার জন্য আবেদন, অভিযোগ দাখিল, সেবার অগ্রগতি পর্যবেক্ষণসহ একাধিক ডিজিটাল সুবিধা সহজেই পাচ্ছেন। এতে নাগরিকসেবা আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সময়োপযোগী হচ্ছে।

যারা এখনও অ্যাপটি ব্যবহার করেননি, তারা গুগল প্লে স্টোর ও অ্যাপ স্টোর থেকে ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপ ডাউনলোড করে নিবন্ধনের মাধ্যমে আধুনিক ও স্মার্ট নাগরিকসেবা নিতে পারবেন।

নগরবাসীর সহযোগিতায় প্রযুক্তিনির্ভর, স্মার্ট ও সেবাবান্ধব চট্টগ্রাম গড়ে তুলতে চট্টগ্রাম সিটি করপোরেশনের এ উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন মেয়র।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top