চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গেল ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর জেলায় ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ জনে। একই সময়ে নতুন করে ৮২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত ডেঙ্গু প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
চলতি বছর ডেঙ্গুতে মারা যাওয়া ১৯ জনের মধ্যে ১২ জনই বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ছাড়া চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ছয়জন এবং চট্টগ্রাম ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে।
গেল ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গু আক্রান্ত ৮২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন, এর মধ্যে সরকারি হাসপাতালে ৬৫ জন এবং বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ১৭ জন। নতুন ভর্তি রোগীদের মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৯ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ১৭ জন, বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ১৭ জন, চট্টগ্রাম ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ১৬ জন, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) হাসপাতালে ১২ জন এবং সিএমএইচ চট্টগ্রামে একজন রয়েছেন।
চলতি বছর চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৬৭ জনে। এর মধ্যে সরকারি হাসপাতালে ৩ হাজার ৩৬৮ জন এবং বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ৬৯৯ জন চিকিৎসা নিয়েছেন।
চাটগাঁ নিউজ/জেএইচ






