রাঙ্গুনিয়া প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার মরিয়মনগর ইউনিয়নের পাঁচটি গুরুত্বপূর্ণ স্থানে একযোগে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। আল হাইথাম কল্যাণ ট্রাস্টের সহযোগিতায় আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় ২০টি যুব ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রায় একশ স্বেচ্ছাসেবী অংশ নেন।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে একটি সচেতনতামূলক র্যালির মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। র্যালিটি মরিয়মনগর ইউনিয়নের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে স্বেচ্ছাসেবীরা নির্ধারিত পাঁচটি পয়েন্টে ছড়িয়ে পড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেন।
সকাল থেকেই মরিয়মনগরের বিভিন্ন এলাকায় দেখা যায় তারুণ্যের উচ্ছ্বাস। হাতে বেলচা, বস্তা ও পরিচ্ছন্নতার সরঞ্জাম নিয়ে মাঠে নামেন বিভিন্ন সংগঠনের সদস্যরা। কেউ সড়কের পাশের ময়লা-আবর্জনা পরিষ্কার করেন, আবার কেউ অপসারণ করেন পলিথিন ও অন্যান্য বর্জ্য।
এ সময় প্রশাসনের কর্মকর্তা ও তরুণ স্বেচ্ছাসেবীদের মধ্যে কোনো ভেদাভেদ ছিল না। সবার পরিচয় ছিল একটাই—পরিচ্ছন্নতাকর্মী।
অভিযানের অন্যতম আকর্ষণ ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল হাসান। শুধু উদ্বোধন করেই দায়িত্ব শেষ না করে তিনি নিজেই স্বেচ্ছাসেবীদের সঙ্গে মাঠে নেমে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন। ইউএনওকে তরুণদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে দেখে স্থানীয়দের মধ্যেও ব্যাপক উৎসাহ সৃষ্টি হয়।
পরিচ্ছন্নতা কার্যক্রমের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলা এবং পরিবেশ পরিচ্ছন্ন রাখার বিষয়ে সচেতন করা হয়।
এ সময় ইউএনও মো. নাজমুল হাসান বলেন, একটি সুন্দর, পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাঙ্গুনিয়া গড়ে তুলতে তরুণদের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অত্যন্ত প্রশংসনীয়। আমাদের লক্ষ্য শুধু আজ পরিষ্কার করা নয়, বরং মানুষের মধ্যে স্থায়ী সচেতনতা তৈরি করা, যেন কেউ যত্রতত্র ময়লা না ফেলেন।
দিনব্যাপী এ কর্মসূচিতে উপজেলা একাডেমিক সুপারভাইজার সুমন শর্মা, জনস্বাস্থ্য প্রকৌশলী মো. নাজিম উদ্দিনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
চাটগাঁ নিউজ/জগলুল/এমকেএন






