চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের পতেঙ্গায় আলাদা দুটি বিশেষ অভিযানে জেট ফুয়েল, ডিজেল, অকটেন, সয়াবিন সহ প্রায় ১৭ হাজার লিটার তেল জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এর মধ্যে ৭ হাজার লিটার জেট ফুয়েল, ৬ হাজার লিটার ডিজেল, ১,৫০০ লিটার অকটেন এবং ৫ হাজার লিটার ভোজ্য তেল উদ্ধার করা হয়।
আজ মঙ্গলবার (১৯ মে) দুপুরে কোস্টগার্ড পতেঙ্গা আউটপোস্ট সংবাদ সম্মেলনে বিসিজিএস তাজউদ্দীন এর সিগন্যাল কমিউনিকেশন অফিসার হাসিব-উল-ইসলাম জানান, উপকূলীয় এলাকায় চোরাচালান, অবৈধ মজুদ ও জ্বালানি পাচার ঠেকাতে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। এর অংশ হিসেবে সোমবার রাত ১১টার দিকে পতেঙ্গা থানার ভিআইপি রোড এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে একটি গোপন গুদাম থেকে প্রায় ২৩ লাখ ৩৫ হাজার টাকা মূল্যের ৭ হাজার লিটার জেট ফুয়েল, ৬ হাজার লিটার ডিজেল, দেড় হাজার লিটার অকটেন এবং এসব পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়।
এদিকে, একই রাতে ইপিজেড থানার আকমল আলী সুইচ গেট এলাকায় অভিযান চালিয়ে জাহাজ থেকে অবৈধভাবে খালাস করা প্রায় ৯ লাখ টাকা মূল্যের ৫ হাজার লিটার সয়াবিন তেল উদ্ধার করা হয়। তবে অভিযান টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়।
কোস্ট গার্ড জানিয়েছে, জব্দকৃত তেল ও ট্রাকের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
একই স্থানে গেল ২৭ মার্চ ৬ হাজার লিটার তেল জব্দ করা হয়েছিল।
জব্দকৃত জ্বালানি ও ভোজ্য তেল এবং ট্রাকের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
চাটগাঁ নিউজ/জেএইচ





