চাটগাঁ নিউজ ডেস্ক: দেশের জনগণের ভাগ্য নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ রোববার সন্ধ্যায় হাটহাজারী সরকারি কলেজ মাঠে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী দেশের পরিস্থিতি তুলে ধরে এ মন্তব্য করেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশে কিছু রাজনৈতিক দল আছে যারা বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে। যেভাবে তারা ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল, ১৯৮৬ সালে যারা স্বৈরাচারের সাথে মিলে নির্বাচনে অংশ নিয়ে জাতীয় বেঈমান হিসেবে আখ্যায়িত হয়েছিল। সেই গুপ্ত বাহিনী আর স্বৈরাচার মিলে দেশের উন্নতিকে থামিয়ে দিতে চায়।’
প্রধানমন্ত্রী আরও বলেন, ‘দেশের ইতিহাসে সবচেয়ে জনপ্রিয় দল বিএনপি। বিএনপি জনগণকে সাথে নিয়েই সামনে এগুতে চায়। দেশের জ্বালানি খাত নিয়ে বিএনপির নতুন পরিকল্পনা আছে।’
তিনি বলেন, ‘দেশে কিছু রাজনৈতিক দল বিভ্রান্তি ছড়িয়ে জনগণের উন্নয়নমূলক কাজে বাধা দেওয়ার চেষ্টা করছে। আমাদের সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে–যে সব মানুষ গণতন্ত্র ও বাকস্বাধীনতায় বিশ্বাস করেন, তাদের প্রত্যেককে আজ ভেবে দেখতে হবে, রাজপথ অবরুদ্ধকারী ও বিভ্রান্তি সৃষ্টিকারী এসব বিশৃঙ্খলাকারীর বিরুদ্ধে আমরা কী ব্যবস্থা গ্রহণ করব।’
‘আর বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে দেওয়া যাবে না। দেশের ভাগ্য নিয়ে আর ছিনিমিনি খেলতে দেওয়া যাবে না। এখন সময় হচ্ছে দেশ গড়ার সময়, এখন সময় হচ্ছে জাতির ভাগ্য গঠনের সময়। কাজেই আমাদের ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে আজকে শ্রমিকের হাতে রূপান্তরিত করতে হবে। আমাদের দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে।’
প্রধানমন্ত্রী বলেন, ‘আসুন, আমরা প্রতিজ্ঞা করি, আমরা শপথ গ্রহণ করি, দেশের উন্নয়নের ক্ষেত্রে, দেশকে সামনে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে যারা প্রতিবন্ধকতা তৈরি করবে, দেশের মানুষের ভাগ্যের উন্নয়নের পথে যারা প্রতিবন্ধকতা তৈরি করবে—তাদেরকে আমাদের রুখে দাঁড়াতে হবে।’
‘আমাদের সামনে লক্ষ্য একটাই, আমাদের সামনে উদ্দেশ্য একটাই–সেটি হচ্ছে দেশের ভাগ্যের পরিবর্তন, দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন। আমাদের সেই স্লোগান: করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ,’ যোগ করেন তিনি।
তিনি বলেন, ‘বিএনপির প্রত্যেকটি নেতাকর্মী একটি কথা বলে থাকে, আমাদের সব রাজনৈতিক ক্ষমতার উৎস হচ্ছে বাংলাদেশের জনগণ। কাজেই জনগণের সমর্থন যেহেতু বিএনপির পক্ষে আছে, জনগণ যেহেতু বিএনপিকে সমর্থন দিয়েছে, জনগণ যেহেতু বিএনপির ৩১ দফার পক্ষে রায় দিয়েছে, সেই ৩১ দফার বাস্তবায়ন করাই হচ্ছে এখন আমাদের মূল পবিত্র দায়িত্ব। কারণ, ৩১ দফা হচ্ছে জনগণের দফা।
জনগণের দফা পূরণ করার জন্য, জনগণের দফা বাস্তবায়ন করার জন্য বিএনপি সকল কিছু, সকল প্রতিবন্ধকতা মোকাবিলা করে সামনের দিকে দেশকে এগিয়ে নিয়ে যাবে। বিএনপি দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন ও দেশের ভাগ্যের পরিবর্তনের জন্য কাজ করে যাবে, তিনি বলেন।
অনুষ্ঠানে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বক্তব্য দেন।
চাটগাঁ নিউজ/জেএইচ





