রাষ্ট্রপতি মনোনয়ন: কেউ বলছেন ফখরুল কেউ মোশাররফ!

চাটগাঁ নিউজ ডেস্ক: বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বিএনপির পক্ষ থেকে আজ দুটি মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে। তবে রাষ্ট্রপতি পদে দলের চূড়ান্ত প্রার্থী কে হচ্ছেন, তা নিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত জানায়নি বিএনপি। যদিও বিরোধী দল অর্থ্যাৎ ১১ দলীয় জোট থেকে কর্ণেল অলিকে চূড়ান্তভাবে মনোনয়ন দেওয়া হয়েছে

রোববার (৯ আগস্ট) সকালে রাষ্ট্রপতি নির্বাচনের জন্য নির্বাচন কমিশন থেকে বিএনপির পক্ষ থেকে দুটি মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়। এর কয়েক ঘণ্টা পর বিকেলের দিকে কয়েকটি গণমাধ্যমে দলীয় সূত্রের বরাতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেওয়ার খবর প্রকাশ করে।

এর মধ্যে একটি গণমাধ্যমে দলীয় সূত্রের বরাতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনকে রাষ্ট্রপতি পদে দলের মনোনয়ন দেওয়ার কথা বলা হয়। ফলে রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী কে হচ্ছেন, তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেন, রাষ্ট্রপতি পদে মনোনয়নের বিষয়ে দলীয়ভাবে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম নিয়ে প্রকাশিত খবরের বিষয়ে জানতে চাইলে সন্ধ্যায় সেলিমা রহমান বলেন, ‘রাষ্ট্রপতি পদে মনোনয়নের বিষয়ে আনুষ্ঠানিকভাবে এখনো কিছু আমরা জানি না। তবে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামে যেহেতু আলোচনা হচ্ছে, উনার নাম আসতেই পারে।’

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে এ বিষয়ে অবহিত করা হলে তিনি বলেছেন- রাষ্ট্রপতি হওয়ার বিষয়ে তিনি কিছু জানেন না। দলের পক্ষ থেকেও এ বিষয়ে তাকে কিছু জানানো হয়নি।

বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন, সিদ্ধান্ত আমাদের দলীয় প্রধান নেবেন। এমন কোনো সিদ্ধান্ত এখনো আমাদের জানানো হয়নি। এখন সম্ভাব্য ক্যান্ডিডেট হিসেবে আলোচনায় অনেকজনই আছেন। সেখান থেকে কে কার নামকে হাইলাইট করবে নাকি করবে না সেটা তাদের নিজস্ব বিষয়। নেতা চট্টগ্রাম থেকে ফিরলে একটা সিদ্ধান্ত জানা যাবে। তবে আগামী বুধবারেই চূড়ান্ত হবে রাষ্ট্রপতি পদে চূড়ান্ত মনোনয়ন।

এর আগে সকালে নির্বাচন কমিশন থেকে বিএনপির পক্ষ থেকে রাষ্ট্রপতি নির্বাচনের জন্য দুটি মনোনয়ন ফরম সংগ্রহের তথ্য পাওয়া যায়। দুটি ফরম সংগ্রহের পর থেকেই বিএনপির সম্ভাব্য রাষ্ট্রপতি প্রার্থী নিয়ে আলোচনা শুরু হয়।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top