উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে গভীর নলকূপ স্থাপনের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. আরফ (৩০) নামে এক রোহিঙ্গা নিহত হয়েছেন। এ ঘটনায় এক বাংলাদেশিসহ আরও তিনজন আহত হয়েছেন।
রবিবার (৯ আগস্ট) দুপুরে উপজেলার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-৬-এর সিআইসি অফিস চত্বরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. আরফ ১৮ নম্বর ক্যাম্পের এইচ/৫৬ ব্লকের বাসিন্দা সৈয়দ উল্লাহর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ক্যাম্প-৬-এর সিআইসি অফিস চত্বরে গভীর নলকূপ স্থাপনের কাজ চলছিল। এ সময় একটি লোহার পাইপ নিয়ন্ত্রণ হারিয়ে ওপর দিয়ে যাওয়া বিদ্যুতের তারের ওপর পড়ে। এতে পাইপটি বিদ্যুতায়িত হয়ে যায় এবং ঘটনাস্থলেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. আরফের মৃত্যু হয়।
এ ঘটনায় আবুল কালাম (২৩) নামে এক বাংলাদেশি গুরুতর আহত হন। এছাড়া মোহাম্মদ রশিদ (২২) ও মো. জুনাইদ (২২) নামে আরও দুই রোহিঙ্গা আহত হয়েছেন।
গুরুতর আহত আবুল কালামকে ক্যাম্প-৬-এর ফিটকালা বাজার এলাকার আইআরসি হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
অন্যদিকে আহত দুই রোহিঙ্গা মোহাম্মদ রশিদ ও মো. জুনাইদকে একই হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর ছেড়ে দেওয়া হয়েছে।
উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান মজুমদার বলেন, দুর্ঘটনার বিষয়ে পুলিশ অবগত হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
চাটগাঁ নিউজ/মোস্তফা/এমকেএন





