চাটগাঁ নিউজ ডেস্ক: রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ছয় নবজাতকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় প্রতিষ্ঠানটির লাইসেন্স বাতিলের ঘোষণা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর এ সিদ্ধান্তের কথা জানায়।
এর আগে, পবিত্র ঈদুল আজহার আগের দিন ২৭ মে হাসপাতালটিতে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনা দেশজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়। ঘটনার পর হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে আদ্-দ্বীন ফাউন্ডেশনের মহাপরিচালক ডা. নাহিদ ইয়াসমিন জানান, পোস্ট অপারেটিভ ওয়ার্ডে থাকা ছয় শিশুর হঠাৎ শ্বাসকষ্ট দেখা দিলে তাদের ভোরে নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্রে (এনআইসিইউ) স্থানান্তর করা হয়। সেখানে নেওয়ার পর দুই শিশুকে মৃত অবস্থায় পাওয়া যায় এবং বাকি চারজনকে সংকটাপন্ন অবস্থায় ভেন্টিলেটরে রাখা হলেও শেষ পর্যন্ত তাদেরও বাঁচানো সম্ভব হয়নি।
ঘটনার পর হাসপাতালটির ভূমিকা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন ওঠে। পরে ৭ জুন হাসপাতালের পক্ষে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী শিশির মনির জানান, নিহত প্রতিটি নবজাতকের পরিবারকে ৮০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার বিষয়ে উভয় পক্ষের সম্মতিতে সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি পূর্বে ঘোষিত অন্যান্য সুযোগ-সুবিধাও বহাল থাকবে বলে তিনি উল্লেখ করেন।
তবে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের ব্যাখ্যা ও অবস্থান নিয়ে সরকার সন্তুষ্ট হতে পারেনি। এর পরিপ্রেক্ষিতেই প্রতিষ্ঠানটির লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
চাটগাঁ নিউজ/এমকেএন





