আনোয়ারা প্রতিনিধি: চট্টগ্রামের আনোয়ারায় সুপারি গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুল হান্নান শাহ (২২) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুন) বেলা ১১টার দিকে উপজেলার বৈরাগ ইউনিয়নের উত্তর গুয়াপঞ্চক শাহবাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত হান্নান ওই এলাকার আব্দুল গফ্ফার শাহর একমাত্র ছেলে। এক ছেলে ও এক মেয়ের মধ্যে হান্নান ছিলেন বড়। তিনি আনোয়ারা সরকারি কলেজের ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।
একমাত্র ছেলেকে হারিয়ে পাগলপ্রায় বাবা আব্দুল গফ্ফার শাহ। সকালেও যে ছেলের সঙ্গে একসঙ্গে নাশতা করেছেন, সেই ছেলে এখন আর তাদের মাঝে নেই—এ বাস্তবতা তিনি কিছুতেই মেনে নিতে পারছেন না।
নিহত আব্দুল হান্নান শাহর ফুফাতো ভাই সাংবাদিক মো. ইমরান হোসাইন জানান, হান্নান তার চাচাতো ভাইয়ের দোকানে থাকতেন। পরীক্ষা উপলক্ষে তিনি ছুটিতে ছিলেন। বৃহস্পতিবার সকালে পরীক্ষা না থাকায় সুপারি গাছ কাটতে যান। এ সময় গাছটি বৈদ্যুতিক তারের সংস্পর্শে এলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাকে উদ্ধার করে দ্রুত আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহাতাব উদ্দিন চৌধুরী বলেন, বিদ্যুৎস্পৃষ্ট অবস্থায় এক যুবককে হাসপাতালে আনা হলে পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করা হয়। পরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
বৃহস্পতিবার মাগরিবের নামাজের পর জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
চাটগাঁ নিউজ/সাজ্জাদ/এমকেএন





