পড়া হয়েছে: 48
বোয়ালখালী প্রতিনিধি: বোয়ালখালীতে রায়খালী খালে মাছ ধরতে গিয়ে আবুল কালাম (৩২) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন।
বৃহস্পতিবার (১১ জুন) সকাল থেকে নিখোঁজ যুবকের সন্ধানে খাল ও নদী এলাকায় উদ্ধার অভিযান পরিচালনা করছে ফায়ার সার্ভিস।
আবুল কালাম পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের পশ্চিম গোমদণ্ডী মনুপাড়ার আবদুল মাজেদের ছেলে। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
আবুল কালামের ভাই জিসান জানান, বুধবার রাত ১টার দিকে রায়খালী খালের ঘাটকূল এলাকায় মাছ ধরার জন্য জাল নিয়ে ঘর থেকে বের হন আবুল কালাম। বৃহস্পতিবার সকালেও তিনি ঘরে না ফেরায় পরিবারের সদস্যরা তার খোঁজে খাল ও নদীর বিভিন্ন স্থানে মাইকিং করছেন।
বোয়ালখালী ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ অলক চাকমা বলেন, খবর পেয়ে নিখোঁজ যুবকের সন্ধানে খাল ও নদী এলাকায় উদ্ধার অভিযান পরিচালনা করা হচ্ছে। এখনও সন্ধান মিলেনি।
চাটগাঁ নিউজ/ইয়াসিন/এমকেএন





