চীন-বাংলাদেশ অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার হবে: মীর হেলাল

আনোয়ারা প্রতিনিধি: চট্টগ্রামের আনোয়ারায় নির্মাণাধীন চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন (সিইআইজেড) দেশের শিল্পায়ন, বৈদেশিক বিনিয়োগ ও কর্মসংস্থানের নতুন দ্বার উন্মোচন করবে বলে মন্তব্য করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল।

তিনি বলেন, এ প্রকল্পের মাধ্যমে শুধু দক্ষিণ চট্টগ্রাম নয়, জাতীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে এবং বাংলাদেশ-চীনের অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী হবে।

সোমবার (২৭ জুলাই) আনোয়ারায় সিইআইজেডের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ব্যারিস্টার মীর হেলাল বলেন, বাংলাদেশ ও চীনের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সময় থেকে দুই দেশের রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক সহযোগিতা ধারাবাহিকভাবে এগিয়ে এসেছে। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানও দুই দেশের অর্থনৈতিক আদান-প্রদান আরও সম্প্রসারণে গুরুত্ব দিচ্ছেন এবং সে লক্ষ্যেই সরকার কাজ করছে।

তিনি বলেন, আনোয়ারায় গড়ে ওঠা এই চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল একটি আধুনিক, স্মার্ট ও আন্তর্জাতিক মানের শিল্পনগরী হিসেবে প্রতিষ্ঠিত হবে। এর মাধ্যমে চট্টগ্রাম শিল্পায়নের নতুন কেন্দ্র হিসেবে গড়ে উঠবে। এ উদ্যোগ বাস্তবায়নে সহযোগিতার জন্য চীন সরকার, চীনা কর্তৃপক্ষ এবং প্রকল্পসংশ্লিষ্ট সবাইকে তিনি ধন্যবাদ জানান।

প্রতিমন্ত্রী আরও বলেন, জাতীয় অর্থনীতিকে গতিশীল করতে নির্বাচনের আগে সরকার যে বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছিল, সিইআইজেড তারই বাস্তব উদাহরণ। সরকার শুধু প্রতিশ্রুতি নয়, বাস্তবায়নে বিশ্বাসী। প্রধানমন্ত্রীর ঘোষিত ১৮০ দিনের কর্মসূচির অন্যতম গুরুত্বপূর্ণ অর্জন এই প্রকল্পের উদ্বোধন। তিনি চীনা বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়ে তাদের স্বাগত জানান।

অনুষ্ঠান শেষে অতিথিরা আনুষ্ঠানিকভাবে চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চলের ভিত্তিপ্রস্তর উন্মোচন করেন। পরে তারা বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ, বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আমিরুল হক, চায়না রোড অ্যান্ড ব্রিজ করপোরেশনের (সিআরবিসি) প্রেসিডেন্ট, চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম, বেজার ঊর্ধ্বতন কর্মকর্তা, সরকারি বিভিন্ন দপ্তরের প্রতিনিধি, ব্যবসায়ী নেতা এবং দেশি-বিদেশি বিনিয়োগকারীরা।

চাটগাঁ নিউজ/সাজ্জাদ/এমকেএন

Scroll to Top