চাটগাঁ নিউজ ডেস্ক : চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে নুরজাহান বেগম নামে ৬০ বছর বয়সী এক নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চট্টগ্রামে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩ জনে।
সোমবার (২৭ জুলাই) জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, নগরীর পাঁচলাইশ এলাকার বাসিন্দা নুরজাহান বেগম গত ২৬ জুলাই মুমূর্ষু অবস্থায় নগরীর বেসরকারি পার্কভিউ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ডেঙ্গু ও উচ্চরক্তচাপজনিত (HTN) জটিলতার কারণে ‘মাল্টি অর্গান ডিসফাংশন সিনড্রোম’ (MODS) দেখা দেওয়ায় তার মৃত্যু হয় বলে জানিয়েছেন চিকিৎসকরা। জেলায় নতুন করে আরও ২৭ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে।
বর্তমানে চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে মোট ৯৯ জন রোগী চিকিৎসাধীন আছেন, যার মধ্যে সরকারি হাসপাতালে ৭৭ জন এবং বেসরকারি হাসপাতালে ২২ জন ভর্তি রয়েছেন।
এছাড়া, চলতি বছরের জানুয়ারি থেকে ২৭ জুলাই পর্যন্ত চট্টগ্রামে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭৫৫ জনে।
এর মধ্যে নারী আক্রান্তের সংখ্যা ১৯১ জন, যেখানে পুরুষ ৪৩৯ জন এবং শিশু ১২৫ জন। জুলাই মাসেই আক্রান্তের সংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়েছে। এই এক মাসেই ৪৫৭ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। ডেঙ্গুর সংক্রমণ বাড়তে থাকায় সবাইকে আরও সচেতন থাকার পরামর্শ দিয়েছে জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম।
এর আগে গত ১২ জুলাই ডেঙ্গুতে মরিয়ম বেগম (৩১) নামে এক নারীর মৃত্যু খবর দিয়েছিল সিভিল সার্জন কার্যালয়।
চাটগাঁ নিউজ/এসএ





