চট্টগ্রামে অপহরণের ৬ ঘণ্টার মধ্যে শিশু উদ্ধার, গ্রেপ্তার ২

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানা এলাকা থেকে অপহৃত এক বছর ৯ মাস বয়সী শিশু সাবিহা নূরকে অপহরণের প্রায় ছয় ঘণ্টার মধ্যে উদ্ধার করেছে এসআরবি-৭। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। একই ঘটনায় ১৫ বছর বয়সী এক কিশোরকে হেফাজতে নেওয়া হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মোজাম্মেল হোসেন (৪১) ও দিলোআরা বেগম (৪০)।

উদ্ধার হওয়া শিশু সাবিহা নূর বোয়ালখালী উপজেলার কধুরখিল গ্রামের মো. বোরকান উদ্দিন টিটুর মেয়ে। বর্তমানে তার পরিবার চান্দগাঁও থানা এলাকায় বসবাস করছে।

এসআরবি-৭ জানায়, গত ১৭ সেপ্টেম্বর দুপুরে নগরের কাপ্তাই রাস্তার মাথা এলাকার মদিনা ভাতঘরের পেছনের একটি বসতঘর থেকে কৌশলে শিশুটিকে অপহরণ করা হয়। পরে শিশুটিকে খুঁজে না পেয়ে পরিবারের পক্ষ থেকে বিষয়টি পুলিশকে জানানো হয়। এ ঘটনায় ১৮ সেপ্টেম্বর শিশুটির বড় চাচা বাদী হয়ে চান্দগাঁও থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

এসআরবি-৭-এর সহকারী পরিচালক (গণমাধ্যম) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন জানান, বৃহস্পতিবার বিকেলে নগরের লালখান বাজার এলাকা থেকে অপহরণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১৫ বছর বয়সী এক কিশোরকে হেফাজতে নেওয়া হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে শিশুটিকে উদ্ধার করা হয়।

এসআরবির ভাষ্য অনুযায়ী, ওই কিশোর তার মামা মোজাম্মেল হোসেন ও মামি দিলোআরা বেগমের কাছে টাকার বিনিময়ে শিশুটিকে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে অপহরণ করেছিল।

পরে কিশোরের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে নগরের স্বাধীনতা কমপ্লেক্সের সামনে থেকে মোজাম্মেল হোসেনকে এবং চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনে থেকে দিলোআরা বেগমকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দুইজনকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চান্দগাঁও থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি-৭।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top