চবিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শিক্ষার্থীর মৃত্যু

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণিবিদ্যা বিভাগের এক শিক্ষার্থী মারা গেছেন। নিহত ওই শিক্ষার্থীর নাম আরিফুল ইসলাম। তিনি প্রাণিবিদ্যা বিভাগের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত পৌনে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ আবদুর রব হলের গেটে ব্যানার লাগাতে গিয়ে এই বিদ্যুৎস্পৃষ্টের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আরিফুল হলের গেটে একটি ব্যানার লাগানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় তিনি নিচে পড়ে যান। পরে তাকে দ্রুত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে নেওয়া হয়। সেখান থেকে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। হাসপাতালে নেওয়ার পথে রাত সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয়।

চবি সূত্রে জানা গেছে, প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী মুশফিকুর রহমান মামুন ব্যক্তিগতভাবে ১০ দিনে ১ হাজার কিলোমিটার ম্যারাথনের আয়োজন করেছেন। ওই আয়োজনের একটি ব্যানার লাগাতে গিয়ে এ দুর্ঘটনাটি ঘটে। মামুন আরিফুলের বিভাগের সিনিয়র।

শহীদ আবদুর রব হল সংসদের সহ-সভাপতি (ভিপি) মো.বোরহান উদ্দিন বলেন, আরিফ আর আমাদের মাঝে নেই। আরিফ আল্লাহর জিম্মায় চলে গেছে।

চবি মেডিকেল সেন্টারের প্রধান চিকিৎসক ডা. আবু তৈয়ব বলেন, ওই ছেলেটা তো আসলে স্পটেই মারা গেছে। অ্যাম্বুলেন্স থেকে ফোন পাওয়ার পর আমি বিষয়টি দেখেছি।

তিনি বলেন, ঘটনার সময় ১০টা বেজে কয়েক মিনিট হবে, যখন আমাকে অ্যাম্বুলেন্সের জন্য ফোন করা হয়। অ্যাম্বুলেন্স তৈরিই ছিল, তাই আসার সঙ্গে সঙ্গেই ব্যবস্থা নিয়ে তাকে পাঠিয়ে দেওয়া হয়েছে।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top