চট্টগ্রামের সাতকানিয়ায় ছুরিকাঘাতে যুবক খুন, গ্রেপ্তার ১

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের সাতকানিয়ায় ছুরিকাঘাতে এক যুবক খুন হয়েছেন। এ ঘটনায় জড়িত একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার কেরানীহাট সিটি সেন্টারে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম মোহাম্মদ হামিম (১৯)। তিনি উপজেলার ছদাহা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আফজল নগর গ্রামের বাসিন্দা ফরিদুল আলমের ছেলে।

এ হত্যাকাণ্ডের ঘটনায় মো. রোহান উদ্দিন (১৯) নামে একজনকে গ্রেপ্তারের তথ্য দিয়েছেন চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাতকানিয়া সার্কেল) মোহাম্মদ আরিফুল ইসলাম সিদ্দিকী।

রোহানের বাড়িও ছদাহা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সৈয়দাবাদ কাজীরখীল এলাকায়।

অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল জানান, কিশোর গ্যাংয়ের বিরোধের জেরে এ হত্যাকাণ্ডটি ঘটেছে।

প্রাথমিকভাবে জানা গেছে, নিহত হামিমের সাথে রোহানের পূর্ব বিরোধ ছিল। এ জেরে কেরানীহাট সিটি সেন্টার এলাকায় হামিমকে ছুরিকাঘাত করে রোহান।

গুরুতর আহতবস্থায় হামিমকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানিয়েছে পুলিশ।

অতিরিক্ত পুলিশ সুপার (সাতকানিয়া সার্কেল) মোহাম্মদ আরিফুল ইসলাম সিদ্দিকী আরো জানান, হত্যাকাণ্ডের কারণ কী এবং ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top