চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম বন্দরের চিটাগাং কন্টেইনার টার্মিনালের (সিসিটি) ৩ নম্বর জেটিতে একটি বাণিজ্যিক জাহাজ থেকে কন্টেইনার খালাসের সময় কিউ গ্যান্ট্রি ক্রেনের ক্যাবল ছিঁড়ে মারাত্মক দুর্ঘটনা ঘটেছে। এতে হতাহত না হলেও ভেঙে ২ ভাগ হয়েছে ট্রেইলার, দুমড়ে মুচড়ে গেছে কন্টেইনার।
আজ শনিবার (১৮ জুলাই) রাত ৮টার দিকে সিসিটি-৩ জেটিতে নোঙর করা বাণিজ্যিক জাহাজ ‘চেং হাই’ থেকে কন্টেইনার খালাসের সময় কিউ গ্যান্ট্রি ক্রেন-৪-এর ক্যাবল ছিঁড়ে যায়। এতে গাছবোঝাই কন্টেইনারটি নিচে থাকা ট্রেইলারের ওপর পড়ে এই দুর্ঘটনাটি ঘটে।
বন্দর সূত্রে জানা গেছে, আমদানি করা বড় গাছ নামানোর সময় কিউ গ্যান্ট্রি ক্রেনের ১০ টনের চারটি ওয়্যারের একটি ছিঁড়ে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরপরই সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। এতে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি বলে নিশ্চিত করেছে বন্দর কর্তৃপক্ষ।
চট্টগ্রাম বন্দরের সচিব সৈয়দ রেফায়েত হামিম বলেন, দুর্ঘটনার কারণ অনুসন্ধান এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে প্রয়োজনীয় কার্যক্রম চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আমরা অন্য কিউ গ্যান্ট্রি ক্রেনের ক্যাবলগুলোও চেক করছি।
চাটগাঁ নিউজ/জেএইচ/এসএ





