চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বন্দি থাকা কার্যক্রম নিষিদ্ধ এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। নুর ইসলাম (৫৫) নামে ওই নেতা মিরসরাই পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন বলে কারাগার সূত্রে জানা গেছে।
আজ বুধবার (২ সেপ্টেম্বর) বিকেল আনুমানিক ৩টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত নুর ইসলাম গত এক মাস ধরে কারাগারে বন্দি ছিলেন।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. ইকবাল হোসেন বলেন, আজ দুপুর আড়াইটার দিকে কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন নুর ইসলাম। তাৎক্ষণিকভাবে তাকে কারা হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে দ্রুত তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়।
সেখানে পৌঁছানোর পর বিকেল ৩টার দিকে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। বর্তমানে তার মরদেহ চমেক হাসপাতালের মর্গে রাখা আছে।
আইনি প্রক্রিয়া শেষে ও কাল (বৃহস্পতিবার) ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার পর নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ।
চাটগাঁ নিউজ/জেএইচ





