চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামে দিন দিন বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪৮ জনের শরীরে ডেঙ্গু শনাক্ত হয়েছে। তবে এ সময়ে ডেঙ্গুতে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি। এ নিয়ে চলতি বছরে চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৬১২ জনে।
শনিবার (২২ আগস্ট) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় শনাক্ত ৪৮ জনই সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে ডেঙ্গু পরীক্ষায় পজিটিভ হয়েছেন। এর মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ১৫ জন, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) হাসপাতালে ১৮ জন এবং ২৫০ শয্যাবিশিষ্ট চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ১২ জন শনাক্ত হয়েছেন।
এ ছাড়া চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল (সিএমআই) থেকে দুজন এবং বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোতে নতুন কোনো রোগী শনাক্ত হয়নি।
সিভিল সার্জন কার্যালয়ের হিসাবে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২২ আগস্ট পর্যন্ত সরকারি হাসপাতালগুলোতে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩৪৪ জন। একই সময়ে বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে আক্রান্ত হয়েছেন আরও ২৬৮ জন। সরকারি-বেসরকারি মিলিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৬১২ জনে।
এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১৪৪ জন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ৩৬৬ জন।
ডেঙ্গুর বিস্তার ঠেকাতে সবাইকে সতর্ক থাকার পাশাপাশি বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পরামর্শ দিয়েছে স্থানীয় স্বাস্থ্য বিভাগ।
চাটগাঁ নিউজ/এমকেএন





