চট্টগ্রামের স্টার সিনেপ্লেক্সের ওয়াশরুমে নারীর ভিডিও ধারণ, আটক কর্মী  

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের অভিজাত শপিংমল ফিনলে স্কয়ারের স্টার সিনেপ্লেক্সের ওয়াশরুমে গোপনে এক নারীর ভিডিও ধারণের অভিযোগ উঠেছে এক পরিচ্ছন্নতাকর্মীর বিরুদ্ধে। ওই পরিচ্ছন্নতাকর্মীর নাম জিতু পাল (২৩)। তার বাড়ি আনোয়ারায়।

শুক্রবার (২১ আগস্ট) রাত আনুমানিক ১০টার দিকে এ ঘটনা ঘটে।

অভিযোগের ভিত্তিতে জিতু পালকে আটক করেছে পাঁচলাইশ থানা পুলিশ। সে গত ৮ মাস ধরে ওই সিনেপ্লেক্সে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করে আসছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার রাতে এক নারী পরিবারের সদস্যদের সঙ্গে ফিনলে স্কয়ারের স্টার সিনেপ্লেক্সে সিনেমা দেখতে যান। একপর্যায়ে তিনি ওয়াশরুমে গেলে সেখানে কৌশলে মোবাইল ফোন দিয়ে তার ভিডিও ধারণের চেষ্টা করা হচ্ছে বলে দেখতে পান। বিষয়টি বুঝতে পেরে ওই নারী তাৎক্ষণিকভাবে জিতু পালকে হাতেনাতে আটক করেন।

পরে আশপাশে থাকা লোকজন জিতু পালের মোবাইল ফোন যাচাই করেন। পরে ফোনটিতে ওই নারীর গোপনে ধারণ করা ভিডিও পাওয়া যায়। একই সঙ্গে বিভিন্ন সময়ে আরও বেশ কয়েকজন নারীর গোপন ভিডিও তার মোবাইল ফোনে পাওয়া যায়।

এ ঘটনায় পুলিশকে খবর দিলে নিকটস্থ পাঁচলাইশ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে জিতু পালকে আটক করে থানায় নিয়ে যায়।

এসময় পুলিশ জানায়, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। মোবাইল ফোনে পাওয়া ভিডিওগুলোর বিষয়ে যাচাই-বাছাইসহ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

জানতে চাইলে আজ শনিবার পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম বলেন, এ ঘটনায় জিতু পালের বিরুদ্ধে মামলা হয়েছে। শনিবার সকালে তাকে আদালতে পাঠানো হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top