চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের খুলশী উত্তর ঝাউতলা রেলওয়ে কলোনি জামে মসজিদের মিটার ব্যবহার করে ২০ থেকে ২৫টি ঘরে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ দেওয়ার অভিযোগ উঠেছে।
এ নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উত্তেজনা সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন ধরে মসজিদের বিদ্যুৎ লাইন ব্যবহার করে টাকা নিয়ে এসব সংযোগ দেওয়ার অভিযোগও করেছেন স্থানীয়রা।
গত ২৮ সেপ্টেম্বর রাতে মসজিদের পাশে অবৈধ সংযোগ দেওয়ার সময় আনোয়ার নামে এক ব্যক্তিকে স্থানীয়রা আটক করেন বলে জানা গেছে। স্থানীয়দের দাবি, জিজ্ঞাসাবাদের সময় তিনি মসজিদ পরিচালনা কমিটির যুগ্ম সম্পাদক ও শ্রমিক দল নেতা এনামুল হক মানিকের সম্পৃক্ততার কথা জানিয়েছেন।
এরপর স্থানীয়দের একটি অংশ মানিককে তার বাসা থেকে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করেন। খবর পেয়ে খুলশী থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে তাকে ছেড়ে দেওয়া হয়।
ঘটনার পর বিভিন্ন অভিযোগের ভিত্তিতে ২৯ সেপ্টেম্বর ঘটনাস্থল পরিদর্শন করে সিপ্লাসটিভির একটি টিম। এ সময় স্থানীয়দের সঙ্গে কথা বলে মসজিদের মিটার থেকে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ দেওয়ার বিষয়ে নানা অভিযোগ পাওয়া যায়।
স্থানীয়দের অভিযোগ, মসজিদের মিটার থেকে প্রায় ২০ থেকে ২৫টি ঘরে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে। এসব সংযোগের বিপরীতে গ্রাহকদের কাছ থেকে টাকা নেওয়া হয় বলেও অভিযোগ তাদের।
বিষয়টি জানতে মসজিদের ইমাম ও মোয়াজ্জিনের সঙ্গে কথা বলার চেষ্টা করা হলেও তারা প্রকাশ্যে কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে তাদের দেওয়া তথ্য অনুযায়ী, আগে ৩ হাজার টাকা রিচার্জ করলে প্রায় এক মাস পর্যন্ত বিদ্যুৎ পাওয়া যেত। বর্তমানে একই পরিমাণ রিচার্জ করেও এক সপ্তাহ পর্যন্ত বিদ্যুৎ পাওয়া যাচ্ছে না বলে তারা জানান।
তবে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন এনামুল হক মানিক। তার দাবি, একই এলাকার মিজানসহ কয়েকজন প্রভাবশালী ব্যক্তি তাকে ফাঁসানোর চেষ্টা করছেন। পুরো ঘটনাকে তিনি নিজের বিরুদ্ধে ষড়যন্ত্র হিসেবে উল্লেখ করেছেন।
এদিকে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ইকবাল হোসেনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, বিষয়টি সম্পর্কে তিনি কিছুই জানেন না।
ঘটনাস্থলে যাওয়া খুলশী থানার এক এসআই জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেননি। লিখিত অভিযোগ পাওয়া গেলে অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
চাটগাঁ নিউজ/এমকেএন






