ক্লাসে ফিরতে চাওয়ায় হামলা: চুয়েটে সাত শিক্ষার্থী আহত, সাংবাদিককে হেনস্তার অভিযোগ

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) দীর্ঘদিনের অচলাবস্থা নিরসন করে স্বাভাবিক একাডেমিক কার্যক্রম শুরুর পক্ষে মত দেওয়াকে কেন্দ্র করে শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত সাতজন শিক্ষার্থী আহত হয়েছেন। একই ঘটনায় পেশাগত দায়িত্ব পালনকালে এক সাংবাদিককে বাধা, হেনস্তা ও মারধরের অভিযোগ উঠেছে।

এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দিয়েছে চুয়েট সাংবাদিক সমিতি। পাশাপাশি ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে ২০ শিক্ষার্থীর একটি তালিকা সামনে এসেছে।

জানা গেছে, গত ২৭ নভেম্বর দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় এ ঘটনা ঘটে। ওই রাতে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শতাধিক শিক্ষার্থী ক্যাম্পাসের চলমান অচলাবস্থা নিরসন এবং স্বাভাবিক একাডেমিক কার্যক্রম চালুর বিষয়ে আলোচনায় বসেন। আলোচনায় শিক্ষার্থীদের একটি অংশ আন্দোলন অব্যাহত না রেখে নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক শেখ শরিফুল আলমের অধীনে নিয়মিত একাডেমিক কার্যক্রমে ফিরে যাওয়ার পক্ষে মত দেন। এ সময় আন্দোলন অব্যাহত রাখার পক্ষের কয়েকজন শিক্ষার্থী তাদের ওপর চড়াও হন এবং মারধর করেন বলে অভিযোগ উঠেছে।

আহতদের মধ্যে তিনজনের পরিচয় জানা গেছে। তারা হলেন- ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী বায়েজিদ বোস্তামি ও আবদুল্লাহ কাজী এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী উৎস সরকার। বাকি আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

আহত শিক্ষার্থীদের প্রথমে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নেওয়া হয়। তাদের মধ্যে বায়েজিদ বোস্তামির শারীরিক অবস্থার অবনতি হলে শুক্রবার ভোররাত আনুমানিক আড়াইটার দিকে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি হাসপাতালের ২৮ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। অন্য আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়ে ক্যাম্পাস ত্যাগ করেন।

নাম প্রকাশ না করার শর্তে আহত একাধিক শিক্ষার্থী জানান, ক্যাম্পাসে তাদের চিহ্নিত করে হয়রানি করা হতে পারে—এমন আশঙ্কায় তারা প্রকাশ্যে পরিচয় দিতে চান না। তাদের অভিযোগ, ভিন্নমত প্রকাশ করলেই ট্যাগিং ও বুলিংয়ের শিকার হতে হচ্ছে।

সাংবাদিককে হেনস্তার অভিযোগে প্রশাসনের কাছে লিখিত আবেদন
শিক্ষার্থীদের সংঘর্ষের পাশাপাশি পেশাগত দায়িত্ব পালনকালে চুয়েট সাংবাদিক সমিতির এক সদস্যকে হেনস্তা ও মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ২৮ নভেম্বর সমিতির সভাপতি আসাদুল্লাহ আল গালিব ও সাধারণ সম্পাদক ফাইয়াজ মুহাম্মদ কৌশিক স্বাক্ষরিত একটি লিখিত আবেদন বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিচালকের কাছে জমা দেওয়া হয়।

আবেদনে বলা হয়, ২৭ নভেম্বর দিবাগত রাতে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় শিক্ষার্থীদের দুই পক্ষের সংঘর্ষের ভিডিও ধারণ করতে গেলে চুয়েট সাংবাদিক সমিতির কার্যকরী সদস্য ও দৈনিক আমাদের সময়-এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো. মিসবাহ উদ্দিন স্বাধীনকে কাজে বাধা দেওয়া হয়। পরবর্তী সময়ে তার সাংবাদিক পরিচয় নিশ্চিত হওয়ার পরও এক পক্ষ তার ওপর হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে।

আবেদনে বিশ্ববিদ্যালয়ের সিসিটিভি ফুটেজ পর্যালোচনার ভিত্তিতে ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে। তাঁরা হলেন যন্ত্রকৌশল বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মিহাবুল ইসলাম খান ও সাজিদ মাহমুদ এবং ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী গোবিন্দ মোদক। এ ছাড়া ঘটনায় আরও কয়েকজনের সম্পৃক্ততার বিষয়টি উল্লেখ করা হয়েছে।

সাংবাদিক সমিতির পক্ষ থেকে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের পাশাপাশি সংশ্লিষ্ট অন্যদেরও শনাক্ত করে দ্রুত যথাযথ প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করা হয়েছে।

২০ শিক্ষার্থীর নামের তালিকা সামনে
এদিকে, ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে ২০ শিক্ষার্থীর নাম, বিভাগ, শিক্ষাবর্ষ ও যোগাযোগের তথ্যসংবলিত একটি তালিকা সামনে এসেছে। তালিকায় ২০২৪-২৫, ২০২১-২২ ও ২০২২-২৩ শিক্ষাবর্ষের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের নাম রয়েছে। তবে তালিকায় থাকা প্রত্যেক শিক্ষার্থীর বিরুদ্ধে অভিযোগের প্রকৃতি ও ঘটনার সঙ্গে তাদের প্রত্যক্ষ সম্পৃক্ততা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আনুষ্ঠানিক বক্তব্য ও তদন্তের ফলাফল পাওয়া গেলে বিষয়টি আরও স্পষ্ট হবে।

অচলাবস্থায় ভোগান্তিতে সাধারণ শিক্ষার্থীরা
দীর্ঘদিনের অচলাবস্থা ও সংঘাতের কারণে সাধারণ শিক্ষার্থীদের শিক্ষা, চিকিৎসা ও দৈনন্দিন জীবনেও ভোগান্তি বাড়ছে। নাম প্রকাশ না করার শর্তে এক শিক্ষার্থী জানান, ২০২২ সাল থেকে শারীরিক অসুস্থতায় ভুগছেন তিনি। প্রতি মাসে তাকে নিয়মিত বিভিন্ন পরীক্ষা করাতে হয়। এসব পরীক্ষার অধিকাংশই আগে চুয়েট মেডিকেল সেন্টার থেকে বিনামূল্যে করাতে পারতেন। কিন্তু গত দুই মাস ধরে ক্যাম্পাসের অচলাবস্থার কারণে প্রয়োজনীয় পরীক্ষাগুলো করাতে পারছেন না। টিউশনির আয়ে চলায় এ পরিস্থিতিতে আর্থিক সংকটেও পড়েছেন তিনি।

এ বিষয়ে চুয়েট ছাত্রদলের সভাপতি ওয়াসিফ রাশেদ বলেন, গত দেড় মাসের অচলাবস্থা কাটিয়ে স্বাভাবিক একাডেমিক কার্যক্রমে ফেরার পক্ষে মত দেওয়ায় সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা ও মারধরের ঘটনা ঘটেছে। এতে ছয় থেকে সাতজন আহত হয়েছেন। গুরুতর আহত একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি আরও বলেন, ক্যাম্পাসে ভিন্নমত থাকতে পারে। তবে হামলার মাধ্যমে কারও মতপ্রকাশের স্বাধীনতা রুদ্ধ করার চেষ্টা গ্রহণযোগ্য নয়। আন্দোলনের নামে যারা ক্যাম্পাসকে অস্থিতিশীল করছেন, সাধারণ শিক্ষার্থীরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চাইলে ছাত্রদল তাদের পাশে থাকবে।

চাটগাঁ নিউজ/জেএইচ/এসএ

Scroll to Top