চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের কর্ণফুলীতে যৌথ অভিযানে প্রায় ৩১২ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ অবৈধ নিষিদ্ধ জাল জব্দ করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
সোমবার (২০ এপ্রিল) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (১৯ এপ্রিল) বিকেলে কর্ণফুলী থানার ডাঙ্গারচর এলাকায় অবস্থিত ‘সী হার্ট’ নামের একটি ফ্যাক্টরিতে অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানে কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা, নৌবাহিনী এবং মৎস্য অধিদপ্তর যৌথভাবে অংশ নেয়।
অভিযানের সময় ফ্যাক্টরি থেকে প্রায় ৩২ লাখ ৫০ হাজার মিটার নিষিদ্ধ জাল উদ্ধার করা হয়, যার বাজারমূল্য আনুমানিক ৩১২ কোটি টাকা।
তবে অভিযানের সময় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে জড়িত ব্যবসায়ীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
পরে কর্ণফুলী উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দ করা জালগুলো ধ্বংস করা হয়।
কোস্ট গার্ড জানিয়েছে, দেশের মৎস্য সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
চাটগাঁ নিউজ/এমকেএন





