কক্সবাজার প্রতিনিধি : পর্যটননগরী কক্সবাজারে অপরাধ দমনে জোরালো অভিযান চালাচ্ছে সদর থানা পুলিশ। গত ৫৯ দিনে বিভিন্ন অপরাধে জড়িত ও বিভিন্ন মামলার মোট ১ হাজার ৫৯ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে চলমান অভিযানে আটক করা হয়েছে চিহ্নিত ১৯৬ জন কিশোর গ্যাংয়ের সদস্যকে।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ সেপ্টেম্বর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত এসব অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ৩৬০ জন চোর ও ছিনতাইকারী, ৮৬ জন মাদক ব্যবসায়ী এবং ৩৪০ জন মাদক সেবনকারী রয়েছেন। এ ছাড়া পেনাল কোর্টের ২৯০ ধারায় ৫২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারি পরোয়ানা তামিলের মাধ্যমে ১৮৪ জনকে গ্রেপ্তার করা হয়। পাশাপাশি নিয়মিত মামলায় গ্রেপ্তার করা হয়েছে আরও ৩৭ জনকে।
সদর থানা পুলিশের দাবি, অপরাধপ্রবণ এলাকাগুলোতে নজরদারি বৃদ্ধি, নিয়মিত অভিযান এবং অপরাধীদের আইনের আওতায় আনার ধারাবাহিক কার্যক্রমের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করছে সদর থানা পুলিশ। বিশেষ করে পর্যটন নগরী কক্সবাজারে চুরি,ছিনতাই, মাদক এবং কিশোর গ্যাংয়ের তৎপরতা নিয়ন্ত্রণে গুরুত্ব দেওয়া হচ্ছে।
স্থানীয়দের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি পর্যটকদের জন্য নিরাপদ পরিবেশ গড়ে তোলাও পুলিশের কার্যক্রমের অন্যতম লক্ষ্য। দেশি-বিদেশি পর্যটকদের কাছে কক্সবাজারের ইতিবাচক ভাবমূর্তি ধরে রাখতে অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করার ওপর জোর দেওয়া হচ্ছে কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলীর নেতৃত্বে।
এ বিষয়ে কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী বলেন, পর্যটননগরী কক্সবাজারকে নিরাপদ রাখতে পুলিশ নিরলসভাবে কাজ করছে। অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং অপরাধে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনা হচ্ছে। সাধারণ মানুষ ও পর্যটকদের সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের এই কার্যক্রম অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, কক্সবাজারে অপরাধ দমনের পাশাপাশি পুলিশ যে জনগণের বন্ধু সেই লক্ষ্যেই কাজ করছে এবং কক্সবাজার সদর থানা দালালমুক্ত থানা পাশাপাশি যেকোনো মামলা জিডি পুলিশ ক্লিয়ারেন্স কিংবা যেকোনো সেবা পেতে পুলিশকে টাকা দিতে হচ্ছে না এবং সেবা প্রার্থীরা নির্বিঘ্নে সেবা পাচ্ছেন।
চাটগাঁ নিউজ/সুমন/এসএ






