উখিয়া (কক্সবাজার) : কক্সবাজারের উখিয়া-টেকনাফে ইয়াবা ও হেরোইনসহ সব ধরনের মাদক নির্মূলে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন সংসদ সদস্য শাহজাহান চৌধুরী। তিনি বলেছেন, এ দেশে মাদক নির্মূল করতে হলে যুবসমাজকে ঐক্যবদ্ধভাবে কাজ করার পাশাপাশি মাদক কারবারিদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।
শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে উখিয়া উপজেলার কোটবাজারে র্যালি শেষে আয়োজিত যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শাহজাহান চৌধুরী আরও বলেন, উখিয়া-টেকনাফে ‘নো ইয়াবা, নো হেরোইন’, বাস্তবায়ন করতে হবে। মাদক একটি পরিবার, সমাজ ও দেশকে ধ্বংস করে দেয়। তাই মাদক কারবারিদের বিরুদ্ধে যুবসমাজকে সোচ্চার হতে হবে। মাদকের সঙ্গে জড়িত ব্যক্তিদের সামাজিকভাবে প্রতিরোধ করার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করতে হবে।
যুবদলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, জনগণের উন্নয়ন ও কল্যাণে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সরকার থেকে সংসদ সদস্য হিসেবে পাওয়া বরাদ্দের ৪০ শতাংশ যুবদলের নেতাকর্মীদের মাধ্যমে জনগণের কাছে বিতরণ করার কথা উল্লেখ করে তিনি বলেন, উন্নয়ন কর্মকাণ্ডে সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। বরাদ্দের সুফল যেন প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছায়, সে বিষয়ে নেতাকর্মীদের সহযোগিতা প্রয়োজন।
সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট সৈয়দ আহমদ উজ্জ্বল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা বিএনপির সভাপতি সরওয়ার জাহান চৌধুরী, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ চৌধুরী এবং কক্সবাজার জেলা যুবদলের সাধারণ সম্পাদক জিসান উদ্দিন জিসান।
এ ছাড়া উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মো. আমির আলী, উখিয়া উপজেলা কৃষকদলের সদস্যসচিব ও যুবনেতা সাদমান জামি চৌধুরীসহ যুবদলের উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
প্রতিষ্ঠাবার্ষিকীতে উপজেলা যুবদলের আহ্বায়ক এম সাইফুর রহিম সিকদার ও সদস্য সচিব খাইরুল আমিনের নেতৃত্বে আয়োজিত র্যালিতে অসংখ্য নেতাকর্মীরা অংশ নেন।
চাটগাঁ নিউজ/ইব্রাহিম/এসএ






